Published : 14 Mar 2026, 05:41 PM
টিমোথি শ্যালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও নাকি মাইকেল বি. জর্ডান; অস্কার জয়ী হিসেবে এই তিন অভিনেতার নাম নিয়ে সমালোচকরা চুলচেরা বিশ্লেষণে নেমেছেন। কখনও আবার তালিকায় নাম বসিয়েও তা অদলবদলও করতে হচ্ছে তাদের। তবে আলোচনায় ঘুরেফিরে সেরা অভিনেতা হিসেবে এ তিনজনের নামই আছে।
কেবল তিনজনই কেন আলোচনায়, সেই বিশ্লেষণ এসেছে দ্য নিউইউয়র্ক টাইমসের প্রতিবেদনে। তিনজনই অস্কার জয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনীত হন। তাদের সঙ্গে আছেন আরও দুই অভিনেতা ইথান হক ও ওয়াগনার মৌরা।
টিমোথি শ্যালামে মনোনয়ন পান 'মার্টি সুপ্রিম' সিনেমার জন্য। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য মনোনয়নে নাম আসে লিওনার্দো ডিক্যাপ্রিওর। আর ‘সিনার্স’ সিনেমার জন্য মনোনীত হন মাইকেল বি জর্ডান।
শ্যালামের বয়স কী বাধা হয়ে দাঁড়াবে?
পুরস্কারের মৌসুমে ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় টিমোথি শ্যালামে দাপট দেখালেও সবশেষ ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডসে’ সেরা অভিনেতা হয়ে ফের চমকে দেন ‘সিনার্স’ অভিনেতা মাইকেল বি. জর্ডান।
কেউ কেউ আবার বলছেন, এ দুজনকে পেছনে ফেলে অস্কার উঠবে লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে।
আর প্রতিদ্বন্দ্বী হিসেবে সমালোচকরা ৩০ বছর বয়সি টিমোথি শ্যালামে এবং ৫১ লিওনার্দো ডিক্যাপ্রিওকে মুখিমুখি দাঁড় করিয়েছেন।
‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একজন পিং-পং খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন শ্যালামে। গল্পে তার কঠোর পরিশ্রম, সাফল্যের জন্য লড়াই এবং ব্যক্তিগত সংকট দেখানো হয়েছে।
জশ সাফাদির স্পোর্টস ফিল্মের আদলে তৈরি এ সিনেমাটি দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছিল। নিজের তারকাখ্যাতি কাজে লাগিয়ে সিনেমাটি ব্যবসাসফল করেছেন শ্যালামে, এমন কথাও চাউর হয়েছে।।
এই সিনেমায় অভিনয় করে গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েজে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শ্যালামে।
তবে অস্কার জিততে 'বড় বাধা' তার বয়স। অস্কারের ইতিহাসে তরুণ অভিনেতারা সাধারণত ভোট পান না। আর এবার পুরস্কার জিতলে তিনি হবেন অস্কার ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ সেরা অভিনেতা।
ভোটারদের কাছে ভালো মর্যাদা ডিক্যাপ্রিওর
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানদার’ সিনেমায় সাবেক বিপ্লবী বব ফার্গুসনের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন।
চিত্রনাট্য রাজনৈতিক উত্থান-পতনের পটভূমিতে তৈরি; যেখানে স্বৈরশাসন, বিপ্লব ও খ্রিষ্টান জাতীয়তাবাদ কেন্দ্রীয় বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।
এখানে ডিক্যাপ্রিও একজন বাবার চরিত্রে এসেছেন। চিত্রনাট্যে তার কন্যাকে অপহরণের পর উদ্ধারের জন্য সাবেক বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু রাজনৈতিক ও সামাজিক অশান্তির কারণে তার কন্যার সঙ্গে সম্পর্কের ফাটল ধরে যা বাবা-মেয়ের জীবনে বেশ প্রভাব ফেলে।
টাইটানিক সিনেমা দিয়ে অভাবনীয় জনপ্রিয়তা পাওয়া ডিক্যাপ্রিও ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য এর আগে অস্কার জিতে নেন ২০১৬ সালে। ভোটারদের কাছে তার অভিনয় দক্ষতার কারণে ইতিমধ্যেই একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তার সেরা অভিনেতা হিসেবে তার সম্ভাবনা শক্ত বলে মনে করা হচ্ছে।
দ্বৈত চরিত্রে পার্থক্য এনেছেন জর্ডান
রায়ান কুগলারের ‘সিনার্স’ এবারে সবচেয়ে আলোচনায়। ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে হরর চলচ্চিত্রটি।
দ্বৈত চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডান। বাণিজ্যিকভাবে সফল ও সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমাটি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এটি ‘সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ’ একটি কাজ।

সমালোচকদের ভাষ্য, কুগলার ইতিহাসের ভার ও ধর্মীয় প্রতীকগুলোকে সিনেমার ভেতরে এমনভাবে মিশিয়ে দিয়েছেন, যাতে মূল গল্পের গতি ব্যাহত না হয়। যা তিনি করে থাকেন বরাবরের মত।
আর যমজ ভাইয়ের চরিত্রাভিনেতা মাইকেল বি. জর্ডান যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন।
যদিও জর্ডানের ক্যারিয়ার দীর্ঘ পরিসরের ও সমৃদ্ধ। তবু এই সিনেমায় দ্বৈত চরিত্রে, স্মোকস্ট্যাক যমজ ভাই হয়ে নিজের জাত চিনিয়েছেন মাইকেল। শরীরী ভাষা ও কণ্ঠের সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে দুই ভাইকে আলাদা করে তুলেছেন নিজের দক্ষতায়।।
আলোচনা থেকে ছিটকে পড়েননি ‘ব্লু মুন’ সিনেমার অভিনেতা ইথান হক। ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাচ্ছেন তিনি বহু বছর ধরে। পুরস্কার পাওয়ার কারণ সম্ভাবনা হিসাবে তার দীর্ঘ ক্যারিয়ারকে ভাবা হচ্ছে।
কারণ অস্কার ভোটাররা অনেক সময় অভিনেতাকে পুরস্কৃত করেন তার কর্ম অভিজ্ঞতা বিবেচনায় নিয়েও।
আলোচিত সিনেমা ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্টের’ অভিনেতা ওয়াগনার মৌরা অস্কার পেয়ে চমক তৈরি করবেন-এমন ধারণাও আছে কারো কারো।
তবে সেরা অভিনেতার স্বীকৃতি পাবেন কে তা জানতে অপেক্ষা আর বেশি সময় অপেক্ষা করতে হবে না।