Published : 14 Mar 2026, 08:38 PM
চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারের অস্কারের আসর ব্যতিক্রমী। মনোনয়নে চমক, অল্পবয়সীদের উঠে আসা, দীর্ঘ অপেক্ষার পর মনোনয়ন খাতায় নাম লেখানো-সবই আছে এবারের অস্কার ঘিরে।
বিবিসির প্রতিবেদন থেকে অস্কার নিয়ে কিছু নতুন তথ্য তুলে ধরল গ্লিটজ।
১. সবচেয়ে বেশি আয় করা মনোনীত সিনেমা
মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ‘জুটোপিয়া ২’। বিশ্বজুড়ে প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার আয় করেছে এই সিনেমাটি।
তবে ইউরোপে এই সিনেমার নাম ‘জুট্রোপলিস ২’। ডেনমার্কের একটি চিড়িয়াখানা আগে থেকেই ‘জুটোপিয়া’ নামটি ট্রেডমার্ক করে রেখেছিল বলে লিখেছে বিবিসি।
২. নতুন রেকর্ডে এমা স্টোন
দুবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জয়ী অভিনেত্রী এমা স্টোন এবার নতুন রেকর্ড গড়েছেন। ৩৮ বছর বয়সে তিনি সাতটি অস্কার মনোনয়ন পেয়েছেন। এই ঘটনাটি কোনো নারী অভিনেত্রীর জন্য সবচেয়ে কম বয়সে অর্জন করা রেকর্ড।
এ ছাড়া তিনি এমন একজন অভিনেত্রী, যার তার প্রথম পাঁচটি অস্কার মনোনীত সিনেমা সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে।
১১ বছরের ব্যবধানে, তিনি বার্ডম্যান, দ্য ফেভারিট, বুগোনিয়া, লা লা ল্যান্ড এবং পুওর থিংস সিনেমার জন্য স্বীকৃতি পেয়েছেন; আর অস্কার জিতেছেন লা লা ল্যান্ড ও পুওর থিংসে অভিনয় করে।
৩. ‘ফ্রাঙ্কেনস্টাইন’: অপেক্ষা ২০৭ বছরের
মেরি শেলির বিখ্যাত উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ১৮১৮ সালে প্রকাশ হয়। আর নেটফ্লিক্সের জন্য এই উপন্যাস অবলম্বনে পরিচালক গিয়ের্মো দেল তোরে সিনেমাটি বানান ২০২৫ সালে।
অর্থাৎ বই প্রকাশের ২০৭ বছর পর উপন্যাসটি আসছে পর্দায়।
৪. সিনেমা থেকেই নাম পাওয়া এক অভিনেত্রী
নতুন অভিনেত্রী চেজ ইনফিনিটির নাম রাখা হয় সিনেমার নামে। এই তরুণীর নামের প্রথম অংশ এসেছে ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমার চরিত্র ‘চেজ মেরিডিয়ান’ থেকে এবং ‘ইনফিনিটি’ এসেছে ‘টয় স্টোরি’ সিনেমার বিখ্যাত সংলাপ ‘টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড’ থেকে।
৫. অবশেষে মিলল স্বীকৃতি
দীর্ঘদিন ধরে অস্কার মনোনয়ন না পাওয়ার অভিযোগ করে আসছিলেন ব্রিটিশ অভিনেত্রী মিরিয়াম মার্গলিজ, ছিল আক্ষেপও। এবার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আ ফ্রেন্ড অব ডরোথি’র জন্য অস্কারে মনোনয়ন পেয়েছেন মার্গলিজ।
৬. পরিচালক–অভিনেতার জুটি
এবারের অস্কারে কয়েকটি পরিচালক–অভিনেতা জুটি বিশেষভাবে আলোচনায় এসেছে। যারা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন।
তারা হলেন, ইথান হক–রিচার্ড লিঙ্কলেটার, মাইকেল বি. জর্ডান–রায়ান কুগলার ও এমা স্টোন–ইয়োর্গোস ল্যান্থিমোস।
৭. ইতিহাস গড়ার অপেক্ষায় আইরিশ অভিনেত্রী
ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয় করে গোল্ডেন গ্লোব ও অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতে নজর কেড়েছেন অভিনেত্রী জেসি বাকলি। এবার তিনি অস্কার জিতলে হবে ইতিহাস। কারণ তাহলে প্রথম কোনো আইরিশ অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়বেন বাকলি।
৮. ব্র্যাড পিট ৩৫ বছরের ধারা ভেঙেছেন
ব্র্যাড পিটের ‘এফ ১’ ছবিটি সেরা সিনেমার তালিকায় মনোনয়ন পেয়েছে। তবে এতে পরিচালক, চিত্রনাট্য বা অভিনয়ের কোনো মনোনয়ন নেই এই সিনেমার ঝুলিতে। যা বিরল ঘটনা, তবে নতুন নয়। ১৯৯১ সালের ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার পর এ ধরনের ঘটনা খুব কমই ঘটেছে।
৯. ‘ডেমন হান্টার্স’: অ্যানিমেশন ও গানের জোড়া জয়ের সম্ভাবনা
মুক্তির পর থেকেই ঝড় তুলেছিল নেটফ্লিক্সের সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’। এটি একসঙ্গে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ও সেরা মৌলিক গানের পুরস্কার জেতার সম্ভাবনা তৈরি করেছে।
১০. একমাত্র মনোনীত ৩ অভিনেত্রী
তিন অভিনেত্রী—রোজ বার্ন, কেট হাডসন ও অ্যামি মুলিগান-এই তিন অভিনেত্রী তাদের নিজ নিজ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন। অর্থাৎ এই তিনজনের অভিনীত সিনেমাগুলো আর কোনো বিভাগে মনোনয়ন পায়নি।
১১. নরওয়ের দুই অভিনয়শিল্পীর মনোনয়
নরওয়ের অভিনেত্রী রেনাতে রেইনসভে ও ইঙ্গা ইবসডটার লিলিয়াস এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। খুব কম নরওয়েজিয়ান অভিনেতাই এই সম্মান পেয়েছেন।
তারা দুজনই অভিনয় করেছেন ইয়েকিম ট্রিয়েরের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমায়।
১২. ডিক্যাপ্রিও কি পারবেন?
পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এই অভিনেতার ১২টি সিনেমা এই পর্যন্ত অস্কারে মনোনীত হয়।
বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর।