Published : 16 Mar 2026, 12:12 AM
অস্কার ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটারের মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোরববার সন্ধ্যায় বসছে বছরের প্রতিক্ষীত এই আসর। সেই হিসেবে বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টায় শুরু হবে অস্কারের রেড কার্পেট আয়োজন; আর ভোর ৫টায় শুরু হবে মূল অনুষ্ঠান।
অস্কারের আসর সঞ্চালনায় এবারও পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েনকে। ৬২ বছর বয়সী ও’ব্রায়েন পাঁচবার এমিজয়ী কমেডিয়ান। এ নিয়ে দুবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিনি।
গেলবার অস্কারের মঞ্চে তার প্রাণবন্ত সঞ্চালনা, শুরুর বক্তব্যে মনোনীতদের নিয়ে রসিকতা ও কমেডি গানগুলো দর্শকদের মনে দাগ কেটেছে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে হাজির থাকছেন একঝাঁক তারকা। ‘হ্যামনেট’ সিনেমার পল মেসকাল, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর চেইস ইনফিনিটি ও ‘মার্টি সুপ্রিম’ এর গিনেথ প্যালট্রোর মত তারকারা থাকবেন, যাদের অভিনীত চলচ্চিত্রগুলো পুরস্কারের তালিকায় আছে কিন্তু তারা কোনো মনোনয়ন পাননি।
এছাড়া আরও থাকছেন নিকোল কিডম্যান, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে ও প্রিয়াঙ্কা চোপড়া।
গত বছরের অভিনয়ের সেরা চার বিভাগের পুরস্কারজয়ী এড্রিয়েন ব্রডি, মিকি ম্যাডিসন, কিরেন কালকিন ও জোয়ি সালডানাও হাজির হবে মঞ্চে।
পরিবেশনায় যারা
আসরের কেবল পুরস্কার ঘোষণা এবং জয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাবেই সীমাবদ্ধ থাকেনা। বিশ্বনন্দিত তারকাদের মঞ্চে পরিবেশনা এই আয়োজনের আরেকটি অংশ। যা দেখার জন্য মুখিয়ে থাকেন বহু মানুষ।
সেরা অরিজিনাল গানের মনোনয়ন পাওয়া পাঁচটি গানের মধ্যে মাত্র দুটি এবার পারফর্ম করা হবে মঞ্চে। সেগুলো হল ‘সিনার্স’ সিনেমার মাইলস কেটন, রাফায়েল সাদিক ও মিসটি কোপল্যান্ডের ‘আই লাইড টু ইউ’ ও ‘কেপপ ডিমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ যা গেয়েছে হান্টার/এক্স।