Published : 15 Mar 2026, 06:06 PM
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে গতবার পার্শ্বচরিত্রে জয়ীদের বিষয়ে আগে থেকেই আঁচ করা যাচ্ছিলো। সেবার কিরেন কালকিন ও জোয়ি সালদানা পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী শাখায় অস্কার জিতে নেন।
এবার এতটা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ সিনেমার জন্য জেকব এলোরডি পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে। গোল্ডেন গ্লোবে একই বিভাগে পুরস্কার গেছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার জন্য স্টেলান স্কার্সগার্ডের কাছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর অভিনেতা শন পেন এই শাখায় পুরস্কার পাওয়ার দৌঁড়ে ক্রমশই এগিয়ে গেছেন। সিনেমার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কর্নেল লক জ এর চরিত্রে অভিনয় করে পেন এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতে নেন। তাই পেনের সম্ভাবনাই বেশি দেখছেন সিনেমা সমালোচকরা।
অভিনেত্রী বিভাগেও এগিয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’; এই সিনেমার টিয়ানা টেইলর গোল্ডেন গ্লোব জিতেছেন, ‘সিনার্স’ এর উনমি মোসাকু জিতেছেন বাফটা আর ‘ওয়েপনস’ এর জন্য এমি ম্যাডিগান জিতেছেন ক্রিটিকস চয়েস ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস। সোমবার এই তিনজনের যে কোনো একজন জিততে পারেন অস্কার।

সবচেয়ে বেশি অস্কার জয়ী কারা
সর্বোচ্চ অস্কার জয়ে নাম আছে তিনটি সিনেমার। ১৯৫৯ সালের ‘বেন-হার’, ১৯৯৭ সালের ‘টাইটানিক’ ও ২০০৩ সালের ‘দ্য লর্ড অফ দ্য রিংস: রিটার্ন অফ দ্য কিং’ সবচেয়ে বেশি অস্কার জিতেছে। তিনটি সিনেমাই ১১টি করে ট্রফি জিতেছে।
এককভাবে সবচেয়ে বেশি অস্কার জয়ের রেকর্ড ওয়াল্ট ডিজনির। নানা শাখায় ২২টি পুরস্কার পেয়েছেন তিনি। সবচেয়ে বেশি ৫৯ বার মনোনয়নও পেয়েছেন মিকি মাউসের জনক। জীবিত শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৪ বার মনোনীত হয়েছেন স্টার ওয়ার্সের কম্পোজার জন উইলিয়ামস।
অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি ৪টি অস্কার ট্রফি আছে ক্যাথেরিন হেপবার্নের নামের পাশে।