Published : 14 Mar 2026, 03:33 PM
চলতি বছরে পুরস্কার মৌসুমে আলেচনায় আছেন হলিউডি অভিনেত্রী জেসি বাকলি। এই আরোচনা তার সাফল্যের জন্য। ক্লোয়ি ঝাওয়ের সিনেমা ‘হ্যামনেট’ এ অভিনয় করে এবার গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েজ আর সবশেষ অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি।
কেবল বাকি আছে চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার অস্কার। তবে সিনেমা সমালোচকরা বলছেন, রোববারের আসরে অস্কারের সোনালি ট্রফি জিতে নেওয়া ৩৬ বছর বয়সি বাকলির জন্য খুব দূরের ঘটনা নয়।
অস্কার জিততে বাকলিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আরও চার অভিনেত্রীর সঙ্গে।
তারা হলেন রোজ বার্ন, তিনি মনোনয়ন পেয়েছেন ‘ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ’ সিনেমার জন্য। আরও আছেন ‘সং সাং ব্লু’ সিনেমার অভিনেত্রী কেড হাডসন; রেনাটা রেইনসভে, তিনি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার অভিনেত্রী এবং এই তালিকায় আছেন ‘বুগেনিয়া’ সিনেমার অভিনেত্রী এমা স্টোন; যিনি দুবার অস্কার জিতেছেন।
৩৮ বছর বয়সী এমা স্টোনের হাতে অস্কার উঠেছিল ৯৬তম আসরে ‘পুওর থিংস’ সিনেমার জন্য। এছাড়া ২০১৬ সালে 'লা লা ল্যান্ড' সিনেমায় অভিনয় করে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন এমা।
বিবিসি লিখেছে, এর মধ্যে অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করতে গিয়ে জেসি বলেন, তিনি এই শিল্পীসমাজের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান ভাবেন।
বাকলি মঞ্চে ও সিনেমায় কাজ করছেন দুই দশকের বেশি সময় ধরে। কেবল অভিনেত্রী নয়, গায়িকা হিসেবেও জনপ্রিয়তা আছে বাকলির।
২০০১ সালে প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে রয়্যাল আইরিশ একাডেমি অব মিউজিকের ‘হাই অ্যাচিভার’ অ্যাওয়ার্ড পান। ১৭ বছর বয়সে বিবিসির ‘আই উড ডু এনিথিং’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোয় আসেন তিনি। ভর্তি হন লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে।
অভিনয়ে স্নাতক শেষ করে টিভি সিরিজের কাজ শুরু করেন বাকলি। ‘ট্যাবু’, ‘ফার্গো’, ‘চেরনোবিল’-এর মতো সিরিজে তাকে দেখা গেছে।
‘জেসি দ্য লস্ট ডটার’ সিনেমার জন্য ২০২২ সালে অস্কারে মনোনীত হয়েছিলেন বাকলি। তবে তখনো এই অভিনেত্রীর এতটা পরিচিতি ছির না।
বাকলি অভিনীত ‘হ্যামনেট’ এবারের অস্কারের জন্য মনোনীত হয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত, সেরা পোশাক ডিজাইন, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা কাস্টিং শাখায়।
সিনেমাটি দেখা যাচ্ছে পিকক প্ল্যাটফর্মে।
এটি ম্যাগি ও ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত, যা উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি।
এতে ১১ বছর বয়সী পুত্র হ্যামনেটের মৃত্যুতে পারিবারিক শোক, সংকট এবং শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ সৃষ্টির পেছনের আবেগঘন পারিবারিক কাহিনী দেখানো হয়েছে। সিনেমাতে আরও আছেন পল মেসক্যাল।
এই সিনেমা সন্তান হারানোর শোক নিয়ে। সমালোচকদের ভাষ্য, এই সিনেমায় বাকলি নিজেকে শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে নিজেকে ভাসিয়ে দিয়েছেন।
এই চরিত্রটি নিয়ে ভোগ সাময়িকীকে বাকলি বলেন, তার বেড়ে ওঠা গান ও অভিনয়ের জগতে।
“কৈশোর থেকে শিল্পচর্চার মধ্যে থাকায় অবচেতনভাবেই চরিত্রের চাহিদা আমি ধরে ফেলি। শুটিং শুরুর আগে আমি কীভাবে চরিত্র হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি, সেটা অনেকের জিজ্ঞাস্য। সত্যি বলতে, আমি আলাদা কিছু করিনি।”
জেসির ভাষ্য, সন্তানহারা মায়ের চরিত্র কেমন করে করতে হয়, সেভাবে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। কিন্তু শুটির শুরুর পর ধীরে ধীরে সেই শোকে তিনি বিলীন হয়ে যায়।
বাকলি বলেন, “শুরুতে যে ভয় কাজ করছিল, সেটাও কেটে যায় একটা সময়ে এসে। এই সিনেমার অংশ হয়ে আমি সত্যই গর্বিত।”
বিবিসি রেডিও ৪–এর ‘ডেজার্ট আইল্যান্ড ডিস্ক’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বাকলি।
বাকলি বলেন, অভিনয় আর জলপান দুটোই তার কাছে অপরিহার্য। যদি তার শিল্পচর্চা বাধাগ্রস্ত হয় তাহলে হয়ত বেঁচে থাকাই তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
সিনেমা সমালোচকরা বলছেন ক্লোয়ি ঝাওয়ের সিনেমা ‘হ্যামনেট’ এর জন্য বাকলি পুরস্কারের আসরে ইতোমধ্যে আধিপত্য বিস্তার করে আছেন ঠিকই, তবে ‘ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ’ সিনেমার রোজ অভিনেত্রী বার্ন একজন তিক্ত আবার কখনো কিছুটা হিংস্র স্বভাবের নারীর ভূমিকায় অভিনয় করে দৃষ্টি করেছেন। তার চরিত্র এ সময়ের বাস্তবতার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন সিনেমা বিশ্লেষকরা।
‘সং সাং ব্লু’ সিনেমার অভিনেত্রী কেড হাডসন নারীর ভিন্ন আখ্যান উপস্থাপন করেছেন। ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার অভিনেত্রী নরওয়েজিয়ান তারকা রেনাটা রেইনসভের অভিনয় প্রশংসিত হয়েছে। বলা হচ্ছে চিত্রনাট্যে তার চরিত্রের অভিনয়ে রেনাটা রেইনসভের নীরব কর্তৃত্ব গল্প এগিয়ে নিয়েছে। রেইনসভের অভিনয়ে স্পষ্ট হয় যে এই চলচ্চিত্র প্রকল্পটি শুধু একটি সিনেমা বানানোর চেষ্টা নয়, বরং সম্পর্ক বোঝা ও মেরামতেরও একটি পথ।
আর এমা স্টোনের দুবার অস্কার জয় তার অবস্থানকে শক্ত করেছে ভোটারদের মধ্যে।