মুস্তাফিজুরের বোলিংয়ে খুশি কলকাতার কোচ রণদেব
অভিষেকেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই লাখো-কোটি ভারতীয়র মন ভেঙে দিয়েছেন। কিন্তু কলকাতার এক জনের মন ঠিকই জয় করে নিয়েছেন বাংলাদেশের তরুণ এই পেসার।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতকে হারাতে মূল ভূমিকায় ছিলেন মুস্তাফিজুর। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম মাচেই ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ে ধস নামান তিনি।
১৯ বছর বয়সী মুস্তাফিজুরের সেদিনের পারফরম্যান্সে দারুণ খুশি পশ্চিম বাংলার সাবেক পেসার রণদেব বোস। ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, আলোচনায় উঠে আসা মুস্তাফিজুরের পেসার হিসেবে গড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২০০৪-০৫ মৌসুমে ভারতের দল গঠন প্রক্রিয়ায় খুব কাছ থেকে দায়িত্ব পালন করা বোসের।
টাইমস অব ইন্ডিয়াকে বোস বলেন, “ভারতের হয়ে আমি খেলতে পারিনি। কারণ সেই সময়ে তাদের জাভাগাল শ্রিনাথের মতো পেসার ছিল। কিন্তু এমন একটা ছেলেকে খুঁজে পেয়ে আমি খুশি, যে এখন বাংলাদেশকে গর্বিত করেছে।”
২০১২-১৪ এর মধ্যে বাংলাদেশ জাতীয় অ্যাকাডেমির বোলিং কোচ ছিলেন বোস। ওই সময়ে তিনি মুস্তাফিজুরকে প্রশিক্ষণ দিয়েছিলেন।
ওই সময়ের স্মৃতিচারণ করে বোস বলেন, “আমাকে ১০ জন বোলার বাছাই করতে বলা হয়েছিল এবং মুস্তাফিজুর আমার তালিকার শীর্ষে ছিল। প্রশিক্ষণে আমি তার বোলিং দেখে খুব খুশি হয়েছিলাম এবং তাকে আমি গড়তে চেয়েছিলাম।”
বর্তমানে বেঙ্গল রঞ্জি ট্রফির দলের পরামর্শক হিসেবে কাজ করেন বোস। ঢাকায় তার অধীনে প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেওয়ার সময় মুস্তাফিজুর খুবই শান্ত-ভদ্র ছিল বলে স্মৃতিচারণ করেন বোস।
“নেটে আমি তার (মুস্তাফিজুরের) সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা পার করতাম। আমি তার কব্জির অবস্থান, রান-আপ এবং বল ছাড়ার উপর কাজ করেছি। এটা দেখা খুবই আনন্দের যে, সে এতটা উন্নতি করেছে। স্লোয়ার বলগুলো সে খু্ব ভালো করতেছে।”
