বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেট চমকে দিয়েছে ভারতকে
গত বিশ্বকাপ থেকেই একটি স্বকীয়তা পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। প্রতিষ্ঠা করেছে একটি ‘ব্র্র্যান্ড’, যেটির নাম ভয়ডরহীন ক্রিকেট। এটিকেই বড় ভয় রোহিত শর্মার। ভারতীয় এই ব্যাটসম্যান জানিয়েছেন, বাংলাদেশের হারাবার ভয় নেই বলেই বেশি সতর্ক থাকতে হবে তাদের।
ইংল্যান্ড থেকে শুরু করে পাকিস্তান, গত কিছুদিনে সব প্রতিপক্ষই টের পেয়েছে বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেট। সেই আক্রমণাত্মক ক্রিকেটের আঁচ লেগেছে এবার ভারতের গায়েও। প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি ভারত।
শনিবার সংবাদ সম্মেলনে রোহিত শর্মা জানালেন, দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই বাংলাদেশের ব্যাটিংয়ের রাশ টেনে ধরতে চান তারা।
“প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণ করেছে। পরে উইকেট হারালেও আক্রমণ করা থামায়নি। গত কিছুদিন ধরেই ওরা এমন ভয়ডরহীন ক্রিকেট খেলছে। পরের ম্যাচে তাই আমাদের শুরুতেই দ্রুত উইকেট নিতে হবে। উইকেট নিতে পারলে মোমেন্টাম থমকে যাবে।”
রোহিত জানান, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আক্রমণাত্মক ক্রিকেটের জন্য প্রস্তুত থাকবে তার দল।
“বাংলাদেশের হারানোর কিছুই নেই। আমাদের হারানোর সবকিছুই আছে। আমাদের তাই বাড়তি সতর্ক থাকতে হবে। ওদের মাটিতে খেলা, ওরা এভাবেই খেলবে। আমি নিশ্চিত, পরের ম্যাচে আমরা আরও বেশি প্রস্তুত থাকব।”
