মুস্তাফিজের সামনে কঠিন চ্যালেঞ্জ
প্রথম ম্যাচটি মুস্তাফিজুর রহমানের জন্য ছিল অনেকটা মধুচন্দ্রিমা। অভিষেকেই ৫ উইকেট! এখন কৌতুহল, মধুচন্দ্রিমা দীর্ঘায়িত হবে, নাকি তরুণ বাঁহাতি এই পেসারকে নেমে আসতে হবে বাস্তবতার জমিনে? কোচ চন্দিকা হাথুরুসিংহেও মুস্তাফিজের সামনে দেখছেন কঠিন চ্যালেঞ্জ।
প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের ভুগিয়েছে মুস্তাফিজের স্লোয়ারগুলো। রোহিত-রায়না-রাহানেরা বুঝেই উঠতে পারেননি তরুণ বাঁহাতি পেসারের কাটার। তবে পরের ম্যাচগুলোয় মুস্তাফিজের কাজ কঠিন হবে, মানছেন কোচ।
“আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো বোলারই যখন নতুন আসে, অচেনা বলে একটা বাড়তি সুবিধা তো পায়ই। তার সম্পর্কে বেশি কিছু জানা থাকে না প্রতিপক্ষের। কিন্তু খেলে ফেলার পর ভিডিও পাওয়া যায়, সেভাবে প্রস্তুতি নেওয়া যায়। মুস্তাফিজের জন্যও এখন কাজটি কঠিন হবে। ওর সম্পর্কে এখন ওরা জানে, একটু বেশি সমীহও করবে।”
তবে মুস্তাফিজ চ্যালেঞ্জ জিততে পারবেন বলে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে।
“পরিকল্পনাই শেষ নয়, মাঠে সেটার প্রয়োগ দেখাতে হবে। মুস্তাফিজ চাইবে সেটা, ওদের ব্যাটসম্যানরাও চাইবে। ভারতীয়রা অবশ্যই পাল্টা আঘাতের চেষ্টা করবে। কিন্তু পরিকল্পনামতো বোলিং করতে পারলে মুস্তাফিজ আবারও সফল হবে।”
