কোনো চাপ নেই: রোহিত
প্রথম ম্যাচে হেরে তিন ওয়ানডের সিরিজে পিছিয়ে আছে ভারত। আরেকটি হারে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খোয়াবে তারা। তারপরও অতিথি দল কোনো চাপে নেই বলে জানিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে খেলবে ভারত ও বাংলাদেশ। তার আগের দিন অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন রোহিত।
“কোনো চাপ নেই। আমরা যেভাবে খেলে আসছিলাম, এই ম্যাচে সেভাবেই খেলতে হবে।”
রোহিত মনে করেন, সমতা ফেরাতে তাদের মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে হবে এবং আরেকটু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে।
“এটা সেই একই ভারত দল যারা বিশ্বকাপে খেলেছে। ম্যাচের ফল আমাদের পক্ষে নিয়ে আসতে না পারার কোনো কারণ আমি দেখি না।”
এর আগে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, প্রথম ম্যাচ হেরে গেলে তিন ম্যাচের সিরিজে ফেরা খুব কঠিন হয়ে যায়, “এটা কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল, ফাইনালের মতো।”
বাংলাদেশের বিপক্ষে এটি ভারতের চতুর্থ দ্বি-পাক্ষিক সিরিজ। ২০০৪ সালে প্রথম সিরিজে ২-১ ব্যবধানে জেতে তারা। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম জয়টি পায় বাংলাদেশ।
২০০৭ ও ২০১৪ সালে পরের দুটি সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এবার প্রথম ম্যাচ জেতায় সিরিজ নিশ্চিত করতে আরও দুটি ম্যাচ পাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল।
