২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরের সাফল্যে খুশি হাথুরুসিংহে

বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম অভিজ্ঞতাই চান্দিকা হাখুরুসিংহের জন্য ছিল বিব্রতকর। দ্বিতীয় সারির ভারতীয় দলের কাছে বাজেভাবে হেরেছিল স্বাগতিকরা। বছর ঘুরে দেশের মাটিতে আবার যখন প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের ক্রিকেট তখন নতুন উচ্চতায়। এক বছরে দলের এই বদলে যাওয়ায় তাই খুশি লঙ্কান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 05:22 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

গত বছরের জুনে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ভারতের দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে গড়া দলের কাছে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১০৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল মাত্র ৫৮ রানে! পরে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরেও।

অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ থেকেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। সাফল্যমাখা ওই সিরিজের পর বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ ছিল বাংলাদেশের আরও এগিয়ে যাওয়ার প্রমাণ। সাফল্যযাত্রা চলছে ভারত সিরিজেও।

রোববার দ্বিতীয় ওয়ানডের আগে তাই আরেকটি সিরিজ জয়ের হাতছানি মাশরাফিদের সামনে। গত বছরের ভারত সিরিজে তাকিয়ে এখনকার বাংলাদেশকে মূল্যায়ন করেছেন হাথুসিংহে।

“বছরখানেক হলো এখানে আছি আমি। আমরা কতটা উন্নতি করেছি, সেটার সেরা উদাহরণ হলো ভারতের সেরা দল পাঠানো। এটাই বলে দিচ্ছে, ভারতের বিপক্ষে গতবছরের ওই সিরিজ থেকে আমরা কতটা এগিয়েছি। প্রতিপক্ষের মূল্যায়নে সাফল্য পর্যালোচনা করতে পারা সবসময়ই দারুণ। ভারতের সেরা দল পাঠানো আমাদের ছেলেদের সাফল্যকে মূল্যায়িত করেছে।”

কোচের প্রত্যাশা, এখনকার কোচিং স্টাফদের কোচিংয়ে সামনের পথচলায় আরও নতুন অনেক কিছু দেখাতে পারবে বাংলাদেশ।

“এক বছরে আমরা কেমন করেছি, সেটার প্রমাণ মাঠের পারফরম্যান্সেই। এই মুহূর্তে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। আগের চেয়ে ভিন্ন ধরনের ক্রিকেট খেলছি আমরা। এই সিরিজ শেষে আবার হয়ত পরিকল্পনা বদলে নতুন কিছু দেখা যাবে।”