সিরিজ জেতার আত্মবিশ্বাস বাংলাদেশের
ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে এবার নিজেদের ভালো সম্ভাবনা দেখছেন স্বাগতিক দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে।
দেশের মাটিতে টানা তৃতীয় সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আগের দুটি ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ ও পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় স্বাগতিকরা।
প্রথম ওয়ানডেতে ৭৯ রানে ভারতকে হারানোর পর দেশের মাটিতে টানা দশম জয়ের হাতছানি হাথুরুসিংহের শিষ্যদের সামনে, “এই পর্যায়ে, আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি। আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমরা ফেভারিট নই, কিন্তু আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।”
ভারত সিরিজের আগে ১৬টি দ্বি-পাক্ষিক সিরিজে প্রথম ম্যাচ জেতে বাংলাদেশ। এর ১২টিতেই সিরিজ জেতে তারা। তবে এই পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন হাথুরুসিংহে।
“কাল আমরা কেমন খেলব, পরিকল্পনা বাস্তবায়ন করব তার ওপর সব নির্ভর করবে। ভারতের বিপক্ষে জিততে অনেক কিছু আমাদের পক্ষে আসতে হবে। কারণ, ওরা খুবই শক্তিশালী একটি দল।”
আইসিসির ওয়ানডে র্যাংঙ্কিংয়ের দুই নম্বর দল ভারতের প্রতি সমীহের কমতি নেই হাথুরুসিংহের, “এটা খুব কঠিন এই সিরিজ। ওদের বিপক্ষে জিততে হলে অবশ্যই আমাদের সেরাটা খেলতে হবে।”
ভারতের বিপক্ষে এর আগে তিনটি দ্বি-পাক্ষিক সিরিজ খেলে তিনটিতেই হারে বাংলাদেশ। হাথুরুসিংহের বিশ্বাস, স্বাগতিকরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে আর ভারত যদি নিজেদের সেরাটা না দিতে তাহলে রোববার দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে।
