বাংলাদেশের শক্তি এখন পেস বোলিং
বরাবরই দেশের মাটিতে বাংলাদেশের সেরা অস্ত্র ছিলেন স্পিনাররা। তাদের জায়গায় এখন বোলিং আক্রমণের নেতৃত্বে উঠে এসেছেন পেসাররা। কোচ চন্দিকা হাথুরুসিংহে জানান, তরুণ পেসাররা উঠে আসায় ওয়ানডেতে পেস বোলাররাই এখন বাংলাদেশের শক্তি।
এক সময়ে তিন বাঁহাতি স্পিনার নিয়ে নিয়মিত খেলত বাংলাদেশ। গত বছর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় তিন পেসার নিয়ে খেলে বাংলাদেশ। এর ধারাবাহিকতা ছিল জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এবং বিশ্বকাপে।
আরেক ধাপ এগিয়ে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চার পেসার নিয়ে খেলে বাংলাদেশ। ফতুল্লা টেস্টে এক পেসার নিয়ে খেলার পর ওয়ানডেতে চার পেসারের উপস্থিতি অনেকের জন্যই বিস্ময় হয়ে আসে। তাদের দলে নেই বাংলাদেশের কোচ।
“আমরা সব সময় আমাদের শক্তির জায়গা অনুযায়ী দল সাজাই। প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগাতে নিজেদের শক্তি ব্যবহার করতে চাই, তাই সব সময় আমরা নিজেদের শক্তির জায়গাটা দেখি।”
তরুণ পেসাররা উঠে আসায় খুশি বাংলাদেশের কোচ। গত বছর ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নেন তাসকিন আহমেদ। এবার একই কৃতিত্ব দেখান মুস্তাফিজুর রহমান।
পেসারদের চমৎকার পারফরম্যান্সে পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের প্রশংসা করেন হাথুরুসিংহে। প্রধান কোচ প্রশংসায় ভাসেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিজিও বায়জিদুল ইসলামও।
এর আগে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
“অবশ্যই আমাদের পেস আক্রমণ খুব ভালো। রুবেল, তাসকিন আছে। মুস্তাফিজ প্রতিশ্রুতিশীল। চমকে দিতে পারে সবাইকে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে চমকেই দিয়েছে। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, আমার পেস আক্রমণ দারুণ। যে কোনো দলকে ধ্বংস করে দিতে পারে এই পেস আক্রমণ।”
