ভারতকে হাথুরুসিংহের ‘হুমকি’
প্রথম ওয়ানডেতে ভারতকে একরকম উড়িয়েই দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই বাংলাদেশের কাছে পাত্তা পায়নি ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি। তবুও সন্তুষ্ট নন চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ মনে করেন, এখনও অনেক উন্নতি করতে পারে বাংলাদেশ!
বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তিনশ’ রান স্পর্শ করে বাংলাদেশ। পরে বোলারদেরও দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকরা ম্যাচ জেতে ৭৯ রানে, যা ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। রোববার দ্বিতীয় ওয়ানডের আগে প্রতিপক্ষকে যেন হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশ কোচ।
“গত ম্যাচে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। ভীতিকর ব্যাপার এটিই (প্রতিপক্ষের জন্য), আমরা এখনও সব বিভাগে উন্নতি করতে পারি। পাকিস্তানের বিপক্ষে তো আমরা আরও ভালো খেলেছি। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।”
প্রথম ম্যাচে ব্যাটিংয়ে দারুণ শুরুর পরও মাঝপথে খেই হারায় বাংলাদেশ। পরে সাকিব-সাব্বিরের জুটিতে সেই ধাক্কা সামাল দেওয়া গেলেও শেষ দিকে আবার দ্রুত রান তোলা যায়নি। প্রথম ইনিংস শেষে সাকিব আল হাসান বলেছিলেন, প্রত্যাশার চেয়ে অন্তত ২৫ রান কম করেছে দল।
হাথুরুসিংহের ভাবনায় বেশিরভাগ জুড়ে আছে ব্যাটিংয়ে উন্নতি।
“শুরুটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই বড় জুটি গড়ে তোলা উচিত। পাকিস্তানের বিপক্ষে ছোট ছোট ব্যাপারগুলো আমরা খুব ভালোভাবে করতে পেরেছিলাম। এই সিরিজেও সেগুলো করতে চাই। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৩-৪টি শতক করেছিল ব্যাটসম্যানরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউ থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলতে হবে।”
