‘আক্রমণাত্মক ক্রিকেট মানেই সংঘর্ষ নয়’
বাংলাদেশের কোচ হওয়ার পর থেকে ওয়ানডেতে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শিষ্যদের উৎসাহ দিচ্ছেন চন্দিকা হাথুরুসিংহে। যে কোনো পরিস্থিতিতে নিজের স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দিয়েছেন সবাইকে। তবে তিনি মনে করেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানে কারো সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া নয়।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ৭৯ রানের জয় পায় বাংলাদেশ। অতিথি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা স্বীকার করেন, স্বাগতিকদের আগ্রাসী ক্রিকেটের সামনে দাঁড়াতে পারেননি তারা।
বাংলাদেশের আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির-মুস্তাফিজুর রহমানের সংঘর্ষের ঘটনার যোগসূত্র আছে কী না এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানান, আক্রমণাত্মক ক্রিকেট মানে এই নয়, আপনি মানুষের সঙ্গে সংঘর্ষে জড়াবেন। এটা হবে বল আর ব্যাটে।
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডের ২৫তম ওভারে সংঘর্ষ ঘটে ধোনি-মুস্তাফিজের মধ্যে। ধোনি ছুটছিলেন রান নেওয়ার জন্য; উইকেটে ধোনির পথে দাঁড়িয়ে ছিলেন বোলার মুস্তাফিজ। হুট করেই গতিপথ একটু বদলে মুস্তাফিজকে ধাক্কা মারেন ধোনি। পিচের মাঝ থেকে অন্যপ্রান্তে ছিটকে যান মুস্তাফিজ। ব্যাথা পেয়ে ওভার শেষ না করে মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে কিছু সময়ের জন্য।
ধোনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে উল্লেখ করে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করে আইসিসি। ওয়ানডেতে অভিষিক্ত মুস্তাফিজের জরিমানা দিতে হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ।
সংঘর্ষের এই ঘটনা নিয়ে কিছু বলতে নারাজ বাংলাদেশের কোচ, “এই ব্যাপারে এরই মধ্যে ম্যাচ রেফারি তার সিদ্ধান্ত জানিয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি ছিল। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলার দিকেই তাকিয়ে আছি।”
হাথুরুসিংহে জানান, মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়া সেই ধাক্কার ব্যাপারে কোনো আলোচনা করেননি তারা।
সংঘর্ষের ঘটনায় ধোনির জরিমানা নিয়ে ভারত দলে কোনো উত্তেজনা নেই বলে জানান উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।
“এটা হতেই পারে, এটা খুব বড় কোনো ঘটনা নয়। এ নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। এগুলো দেখার জন্য লোক আছে, আইন আছে, আইন তার পথে এগুবে।”
