মুস্তাফিজের সাফল্যের কারণ বের করেছেন রোহিত!
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের নায়ক মুস্তাফিজুর রহমানের সাফল্যে কন্ডিশনের বড় ভূমিকা দেখছেন রোহিত শর্মা। ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান মনে করেন, কন্ডিশনের পুরো সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন বাঁহাতি পেসার।
ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে প্রথম স্পেলে খুব ভালো করতে পারেননি মুস্তাফিজ। কিন্তু দ্বিতীয় স্পেলে ফিরে ভারতকে বড় একটা ধাক্কা দেন তিনি। আর তৃতীয় স্পেলে এসে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
৫০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ৭৯ রানের জয়ে সবচেয়ে বড় অবদান মুস্তাফিজের। প্রথম ৪ ওভারে ২৭ রান দেন তিনি। এই সময়ে তার বলে একটি ছক্কা ও দুটি চার হাঁকান রোহিত। দ্বিতীয় স্পেলে ফিরে এই ডানহাতি ব্যাটসম্যানকে দিয়েই উইকেট শিকার শুরু করেন অভিষিক্ত তরুণ।
রোহিত জানান, সময় গড়ানোর সঙ্গে উইকেট মন্থর হচ্ছিল, সেই সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পান মুস্তাফিজ।
“নতুন বলে সে সেই গ্রিপ পাচ্ছিল না। তাই আমাদের বুঝতে হবে, উইকেট মন্থর হলে আমাদের কিভাবে খেলতে হবে, কি ধরনের শট খেলতে হবে।”
রোহিত মনে করেন, প্রথম ওয়ানডেতে কন্ডিশন পুরোপুরি ব্যবহার করেন মুস্তাফিজ। পরের ম্যাচে সতীর্থদের আক্রমণাত্মক খেলার পরামর্শ দেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান।
“আমাদের আগ্রাসী হতে হবে। তবে এটা নির্ভর করবে তখন ম্যাচ কোন অবস্থায় থাকবে তার ওপর।”
