আত্মবিশ্বাসে ভর করেই বাংলাদেশের বদলে যাওয়া
ওয়ানডেতে ছুটছেই বাংলাদেশের সাফল্যরথ। একের পর এক ম্যাচ জয়ের পাশাপাশি আলাদা করে নজর কেড়েছে মাঠের শরীরী ভাষা। বাংলাদেশের আক্রমণাত্মক ক্রিকেটের উচ্ছ্বসিত প্রশংসা এখন ক্রিকেট বিশ্বজুড়ে। কোচ চন্দিকা হাথুরুসিহের মতে, বাংলাদেশের এই খুনে মানসিকতার নেপথ্য কারণ আত্মবিশ্বাস!
গত অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর তারা জয় করেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডর কন্ডিশন। দীর্ঘদিন জিততে না পারার মানসিক বাধা পেরিয়ে মাশরাফিরা হারিয়েছে পাকিস্তানকেও। সামনে এখন ভারতের বিপক্ষেও প্রথম সিরিজ জয়ের হাতছানি।
দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে কোচ জানালেন, নিজ সামর্থ্যে বিশ্বাস থেকেই বাংলাদেশের শরীরী ভাষায় এই বদল।
“আক্রমণাত্মক মানসিকতা তখনই আসে, যখন নিজ সামর্থ্যে আস্থা ও বিশ্বাস থাকে। ড্রেসিং রুমে সেই আত্মবিশ্বাসের আবহটা তৈরি করতে হয়। ট্রেনিংয়েও সেটার প্রতিফলন রাখতে হয়। যখন কেউ বিশ্বাস করে, যা করছি তা ঠিক, তখনই আগ্রাসনটা বেরিয়ে আসে। যত কিছুই হোক না কেন, মানসিকতার পরিবর্তন হয় না, একই ভাবে খেলে যায়। আর এই মানসিকতা নিয়ে খেললে বেশিরভাগ সময়ই জয় ধরা দেয়।”
