২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির ছোঁয়াতেই বাংলাদেশের বদলে যাওয়া

মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশের ক্রিকেটের দিনবদলের নায়ক বলছেন চন্দিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের কোচ দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ককে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 04:34 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

মাশরাফির ওয়ানডে দলের দায়িত্ব নেওয়া আর বাংলাদেশের সাফল্য যাত্রার শুরু হাত ধরাধরি করেই। মাশরাফির নেতৃত্বে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তার দল। ১৬ বছর ধরে হারাতে না পারা পাকিস্তানকেও ‘হোয়াইটওয়াশ’ করা বাংলাদেশ এখন আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ভারতের বিপক্ষেও এগিয়ে আছে সিরিজে। গড়েছে দেশের মাটিতে টানা নয় ওয়ানডে জয়ের রেকর্ড।

শুধু ম্যাচের ফলেই নয়, মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়াটা খালি চোখেই স্পষ্ট ধরা পড়ে মাঠে। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলছে আক্রমণাত্মক ক্রিকেট; শরীরী ভাষা হয়েছে আগ্রাসী, মানসিকতা খুনে। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলছে ভয়ডরহীন ক্রিকেট।

কোচ হাথুরুসিংহেও মাশরাফিকেই দিচ্ছেন মূল কৃতিত্ব।

“বাংলাদেশের বদলে যাওয়ায় মাশরাফির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ওকে সবাই পছন্দ করে, সবাই ওর দিকেই তাকিয়ে থাকে, ওর ওপর নির্ভর করে। ড্রেসিংরুমে ও সবার শ্রদ্ধার পাত্র। মাঠেও সামনে থেকে নেতৃত্ব দেয়। বাংলাদেশের বদলে যাওয়া, আমরা যেভাবে খেলছি, এই পরিবর্তনে বড় ভূমিকা ওর।”