মেলবোর্নের সেই নো বল ভুলে গেছেন রোহিত!
মেলবোর্নের বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালের সেই ‘নো বল’ নিয়ে কত কিছু হয়ে গেল! বিতর্ক-সমালোচনার ঝড় উঠলো ক্রিকেটবিশ্বে, বাংলাদেশে মুণ্ডুপাত হলো দুই আম্পায়ারের। বিতর্কের রেশ ধরে আইসিসি সভাপতির পদ ছাড়লেন আ হ ম মুস্তফা কামাল। অথচ বিতর্কিত সেই নো বলে বেঁচে যাওয়া ব্যাটসম্যান রোহিত শর্মার এখন মনেই নেই কিছু!
মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে ৯০ রানে রুবেল হোসেনের ফুলটসে ক্যাচ দিয়েছিলেন রোহিত। কিন্তু মাঠের দুই আম্পায়ার ডাকেননি নো বল। টিভি রিপ্লেতে দেখা যায়, বল কোমড় উচ্চতার নিচেই ছিল। বেঁচে যাওয়া রোহিত পরে আউট হন ১৩৭ রানে।
শনিবার দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে এসেছিলেন রোহিত শর্মা। বিশ্বকাপের সেই নো বল বিতর্কের প্রসঙ্গ অবধারিতভাবেই উঠল। রোহিত যেন আকাশ থেকে পড়লেন, “কি বলছেন? কোন নো বল?’’
প্রশ্নকর্তা মেলবোর্নের সেই নো বলের ঘটনা পুরো বর্ণনা করার পরও রোহিতের স্মৃতির দুয়ার খুলল না। চরম বিরক্তি ভরে ভ্রু কুঁচকে বললেন, “কিসের নো বল! আমি কোনো নো বলের কথা কিছু জানি না…।”
রোহিতের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, সেই নো বল বিতর্ক নিয়ে আর টু শব্দটি করতে চায় না ভারতীয় দল। এর আগে মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠেছিল। ভারতীয় অধিনায়কও তখন নো বল নিয়ে ছিলেন স্মৃতিভ্রষ্ট, “নো বলের কিছু আমার মনে নেই।”
