মুশফিক, হাথুরুসিংহের ভাবনায় জয়
শক্তির দিক থেকে টেস্টে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তারপরও হাল ছাড়ছে না স্বাগতিকরা। অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ চন্দিকা হাথুরুসিংহে ফতুল্লা টেস্টে জয় ছাড়া আর কিছু ভাবছেন না।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক ও হাথুরুসিংহে জানান, জেতার জন্যই খেলবে বাংলাদেশ।
মুশফিক জানান, সব সময় তাদের চেষ্টা থাকে ভালো খেলার, এবারও সে রকমই লক্ষ্য থাকবে।
“আমরা জয়ের জন্য খেলব। এটাই প্রধান লক্ষ্য থাকবে। আমি মনে করি, আমাদের বোলিং বিভাগের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আছে।”
বোলাররা যে সুযোগগুলো এনে দেবেন, সেগুলো কাজে লাগানোর সঙ্গে ব্যাটিংয়ে ভালো করতে পারলে নিজেদের ভালো সম্ভাবনা দেখছেন মুশফিক।
“আমাদের ব্যাটিংটা ভালো হতে হবে। ব্যাটসম্যানদের জন্য এই ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে।”
২০১০ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচেই হারলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকদের কয়েকটি ব্যক্তিগত নৈপুণ্য ছিল, সেগুলোই এবার ভালো খেলার স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ককে।
“বর্তমান ভারতীয় দল স্বাভাবিকভাবেই শক্তিশালী। আমরাও অনেক উন্নতি করেছি। ব্যক্তিগত এবং দলগতভাবেও উন্নতি হয়েছে। আমাদের আত্মবিশ্বাস আছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব দিক থেকেই আমরা তাদের সঙ্গে লড়তে পারব।”
সব সময়ই বাংলাদেশ জয়ের জন্য খেলে; এবারও লক্ষ্যটা পাল্টাচ্ছে না জানিয়ে হাথুরুসিংহে বলেন, “আমরা ড্র করার জন্য খেলব না। কোনো দলের জন্য পরিকল্পনা পাল্টাবে না। আমাদের পরিকল্পনা হলো ম্যাচ জেতা।”
