বিশ্বকাপ তিক্ততার রেশ থাকছে না ফতুল্লায়
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হারের পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়। ওই ঘটনাগুলোকে পেছনে ফেলেই ফতুল্লায় ভারতের টেস্ট শুরু করার কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে।
মেলবোর্নে ১০৯ রানে হারা সেই ম্যাচের পর এই প্রথম ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সেই তিক্ততার প্রসঙ্গ এলো সংবাদ সম্মেলনে। হাথুরুসিংহে অবশ্য কোনো তিক্ততা থাকার কথাই উড়িয়ে দিলেন।
“আমি যত দূর জানি, কোনো বিতর্ক নেই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়, কিন্তু ওরা জেতে।”
এবার নিজেদের সামর্থ্য দিয়ে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হাথুরুসিংহে।
“ভারত খুব শক্তিশালী দল আর আমরা টেস্ট ও ওয়ানডেতে অভিজ্ঞতার দিক থেকে ওদের চেয়ে পিছিয়ে আছি। তবে আমরা প্রতিদিন উন্নতি করছি, ভালো ক্রিকেট খেলছি।”
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল। রুবেল হোসেনের বলে রোহিত শর্মার আউট হওয়ার পর বিতর্কিতভাবে ‘নো বল’ ডাকেন আম্পায়াররা।
ওই ম্যাচে বাংলাদেশের মাহমুদউল্লাহর ক্যাচ নেওয়ার সময় ভারতের শিখর ধাওয়ানের পা সীমানার দড়ি স্পর্শ করেছিল কি-না, তা নিয়েও প্রশ্ন ছিল।
ম্যাচের পরপরই আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েও কড়া সমালোচনা করেন তখন আইসিসির সভাপতির পদে থাকা আ হ ম মুস্তফা কামাল। এর জের ধরে পরে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে পরে পদত্যাগ করেন তিনি।
ভারতের অধিনায়ক বিরাট কোহলিরও বিশ্বাস, বিশ্বকাপের সেই ঘটনাগুলো বাংলাদেশ সফরে তাদের সমস্যার কারণ হবে না।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্টটি।
