৪ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ
ফতুল্লার উইকেট দেখে এর সম্ভাব্য আচরণ নিয়ে সংশয়ে আছেন বাংলাদেশের কোচ-অধিনায়ক দুজনই। তবে কোচ চন্দিকা হাথুরুসিংহে নিশ্চিত, উইকেটে পেসারদের জন্য সহায়তা থাকবে সামান্যই। বাংলাদেশ তাই একাদশ সাজাতে পারে এক পেসার ও তিন স্পিনার নিয়ে। সঙ্গে আরেক স্পিনার সাকিব আল হাসান তো আছেনই।
যে কোনো ম্যাচের আগে বাংলাদেশের একাদশ নিয়ে লুকোচুরি করা হয় সবসময়ই। মঙ্গলবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়ক যথারীতি জানালেন, একাদশ ঠিক হয়নি তখনও। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের কথায় যা ইঙ্গিত, তাতে সাকিবসহ চার স্পিনারই খেলাতে পারে বাংলাদেশ।
“একাদশ এখনও ঠিক করিনি। দলের সবাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত আছে। আগামীকাল সকালে উইকেট দেখে কম্বিনেশন ঠিক করব। কোচ যা বললেন, উইকেটে পেসারদের জন্য খুব বেশি কিছু থাকবে না। সেটা মাথায় থাকবে আমাদের। স্কোয়াডে চারজন স্পিনার আছে। উইকেট বুঝে আর ভারতের লাইন আপ মাথায় রেখে একাদশ সাজাব।”
উইকেট বুঝে একাদশ সাজালে চার স্পিনারই রাখার কথা একাদশে। এই গরমে পেসারদের টিকে থাকা কঠিন, ম্যাচে প্রভাবও থাকার কথা কম। এক পেসার খেলালে অভিজ্ঞতা বিবেচনায় রুবেল হোসেনের খেলার সম্ভাবনাই বেশি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে ২ ইনিংসে ৪ উইকেটে নেওয়া মোহাম্মদ শহীদকে সেক্ষেত্রে থাকতে হবে বাইরে।
সাকিবের সঙ্গে থাকবেন লেগ স্পিনার জুবায়ের হোসেন, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনার শুভাগত হোম। আর দুই পেসার খেললে একাদশে জায়গা হবে জুবায়ের ও শুভাগতর যে কোনো একজনের।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্টটি।
