২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির ‌‘স্পেশাল’ মুহূর্ত

টেস্ট অধিনায়কত্বের স্বাদ বিরাট কোহলি পেয়েছিলেন গত অস্ট্রেলিয়া সফরেই। তবে তখনও দলের সঙ্গে ছিলেন বিদায়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দলে ছিল তার ছায়া। অধিনায়ক হিসেবে বাংলাদেশই কোহলির প্রথম সফর। ক্যারিয়ারের এই নতুন পথচলায় দারুণ রোমাঞ্চিত এই তারকা ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 06:14 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

ফতুল্লা টেস্টের আগের দিন মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বললেন, “অবশ্যই এটি হতে যাচ্ছে স্পেশাল একটি মুহূর্ত। কখনই ভাবতে পারিনি, ২৬ বছর বয়সেই আমি ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেব। ছেলেবেলায় আমার একমাত্র স্বপ্ন ছিল ভারতের হয়ে স্রেফ খেলতে পারাটা।”

কোহলি জানান, সময়ের সঙ্গে তার মানসিকতা পরিণত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও তার সতীর্থরা তাকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করছে।

“এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরুর জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি আমি। আশা করি, ফলটাও ইতিবাচক হবে।”

গত অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়া ধোনির পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট নেতৃত্বে অভিষেক কোহলির। পরে সিরিজের তৃতীয় টেস্টের পর ধোনি আচমকা অবসর নিলে সিডনিতে শেষ টেস্টেও নেতৃত্ব দেন কোহলি। তবে এই সফরকেই কোহলি বলছেন, নিয়মিত টেস্ট অধিনায়ক হিসেবে সত্যিকারের নতুন শুরু।

“অধিনায়ক হিসেবে নতুন ইনিংসের শুরু এটাই। অস্ট্রেলিয়ায় আমি জানতাম, ধোনির পরিবর্তে নেতৃত্ব দিচ্ছি। আগামীকাল যখন তাই টস করতে যাব, আমার জন্য সেটি হবে স্পেশাল মুহূর্ত। হয়ত অবসরের পর এই মুহূর্তগুলোই আলাদা করে মনে রাখব।”