মুশফিকের কাছে সমান সম্ভাবনা
বিশ্বকাপ আর পাকিস্তান সিরিজে চমৎকার পারফরম্যান্সের পর বাংলাদেশকে নতুন আলোয় দেখছেন সবাই। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে স্বাগতিকদের এগিয়ে রাখছেন কেউ কেউ। তবে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম দুই দলেরই সমান সম্ভাবনা দেখছেন।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক জানান, সিরিজের এই পর্যায়ে সমান সুযোগ রয়েছে দুই দলেরই।
টেস্টে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো খেলেনি ভারত। শেষ সাত ম্যাচে কোনো জয় পায়নি দলটি। গত বছর জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট জয়ের স্বাদ পায় তারা। তারপরও অতিথি দলকে সমীহই করেন অধিনায়ক।
“আমার মনে হয়, ভারতও শক্তিশালী দল। এই পর্যায়ে সিরিজে সম্ভাবনা সমান-সমান।”
ভারতের দুই অফস্পিনার হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনকে প্রধান চ্যালেঞ্জ মনে হচ্ছে বাংলাদেশের অধিনায়কের।
“তাদের দলে খুব ভালো দুজন স্পিনার আছে। তবে আমাদের ব্যাটসম্যানরা মাঠে ভালো খেললে দারুণ কিছু হবে বলে মনে করছি।”
ভারতের বিপক্ষে খেলা আগের সাত টেস্টের ছয়টিতেই হারে বাংলাদেশ, অন্য ম্যাচটি ড্র হয়।
