মোদীর সঙ্গে কণ্ঠ মেলালেন কোহলি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশকে মোটেও খাটো করে দেখছেন না তারা।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে। এর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের উন্নতিতে নিজের মুগ্ধতার কথা জানান কোহলি।
গত শনিবার ও রোববার বাংলাদেশ সফর করেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে জানান, আসন্ন সিরিজে বাংলাদেশকে মোটেও খাটো করে দেখছে না ভারত। প্রধানমন্ত্রীর মন্তব্যের সঙ্গে কোনো দ্বিমত নেই ভারতের তারকা ব্যাটসম্যান কোহলির।
মোদীর মন্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কোহলি বলেন “আমি আগেও বলেছি, আমরা কোনো দলকে হালকাভাবে নেই না। বাংলাদেশের উন্নতি চিত্তাকর্ষক। বিশ্বকাপে ওরা বড় দলগুলোকে হারিয়েছে। অস্ট্রেলিয়ায় ওরা খুব ভালো খেলেছে, সেখানে কন্ডিশন তাদের পরিচিত ছিল না।”
এবারের সফরে একটি টেস্ট ছাড়াও বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত।
