শেবাগের পথে হাঁটেননি কোহলি
পাঁচ বছর আগে এক শীতের বিকেল হঠাৎই উত্তপ্ত করে দিয়েছিলেন বিরেন্দর শেবাগ। ২০১০ সালে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক টেস্টের বাংলাদেশকে বলেছিলেন ‘অর্ডিনারি।’ এবারের ভারত অধিনায়ক সে পথে হাঁটেননি। বিরাট কোহলির কণ্ঠে বাংলাদেশের জন্য ঝরল শ্রদ্ধা ও সমীহ।
ভারতের সবশেষ সফরে টেস্ট শুরুর আগের দিন করা শেবাগের সেই মন্তব্যের প্রসঙ্গ উঠল এবার টেস্ট শুরুর আগের দিন ভারতের সংবাদ সম্মেলনে। কোহলি জানান, তার দল বাংলাদেশকে সমীহ করে আর সব প্রতিপক্ষের মতোই।
“বাংলাদেশর বিপক্ষে আমি টেস্ট খেলিনি। তবে ওয়ানডে খেলেছি এবং আপনারা সবাই দেখেছেন, ওয়ানডেতে ওদের পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখি। পর্যাপ্ত সময় ও সুযোগ পেলে টেস্টেও ওরা নিয়মিত ভাল খেলবে। ওরা কোন অবস্থানে আছে বা কেমন দল, সেটা বিচার করার আমি কেউ নই। আমরা টেস্ট ম্যাচ খেলতে নামছি, বাংলাদেশকে আমরা নিচ্ছি অন্য সব প্রতিপক্ষের মতোই।”
২০১০ সালে চট্টগ্রাম টেস্টের আগের দিন শেবাগ সংবাদ সম্মেলনে বলেছিলেন, “ওয়ানডেতে বাংলাদেশ মাঝে মধ্যে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। কিন্তু টেস্টের বাংলাদেশ অর্ডিনারি। ভারতের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য বাংলাদেশের বোলারদের নেই।”
বাংলাদেশ তখন সত্যিই টেস্টে খুব ভালো করছিল না। ক্রিকেটীয় শিষ্টাচারে তবু প্রতিপক্ষকে শ্রদ্ধা করাই অলিখিত নিয়ম। সেই শিষ্টাচারকে ধুলোয় মেশানোয় তখন ক্ষোভের আগুন জ্বলেছিল বাংলাদেশ দলসহ বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে।
