বাংলাদেশকে শুভকামনা কোহলির
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে বিতর্ক কম হয়নি। দুই দেশের ক্রিকেট সম্পর্কেও শুরু হয়েছিল টানাপোড়েন। তবে ফতুল্লা টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সেই অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার কথা শোনা গেল দুই দলের সংবাদ সম্মেলনেই। ভারত অধিনায়ক কোহলি তো বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করে জানালেন শুভকামনাও।
ফতুল্লা টেস্টে আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, “বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে খেলেছে, প্রশংসা করতেই হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অভ্যস্ত ছিল না এই ছেলেরা। তারপরও বাংলাদেশ বড় বড় দলকে হারিয়েছে। দলের শরীরী ভাষায় ফুটে উঠেছে বিশ্বাস। এই দলটা দারুণ আত্মবিশ্বাসী।”
বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ দারুণ করেছে বলে মনে করেন কোহলি।
“টেস্টেও পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। প্রতিদিনই উন্নতি করছে। ওদের জন্য আমাদের শুভকামনা থাকবে। বৃহত্তর দৃষ্টিকোণ দেখলে ওদের এই উত্থান বিশ্ব ক্রিকেটের জন্যই ভালো। খেলাটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
