২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমদের জন্য ভারতের বিশেষ ছক

ভারতের বিপক্ষে ২২ গজে নামলে বরাবরই ধার বেড়ে যায় তামিম ইকবালের ব্যাটের। ভারতের বিপক্ষে পারফরম্যান্স দুর্দান্ত মুশফিকুর রহিমেরও। মুমিনুল হক এখনও ভারতের বিপক্ষে টেস্ট না খেললেও সাদা পোশাকে এখন বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। আর সাকিব আল হাসান তো যে কোনো দলের জন্যই বিপজ্জনক। বাংলাদেশের শীর্ষ এই ব্যাটসম্যানদের সামলাতে বিশেষ ছক কষার কথা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 07:02 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

“বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। ওদের দুর্বলতাগুলো কাজে লাগানোর চেষ্টা করব।”

কোহলি জানান, তামিম-সাকিবদের বিপক্ষে তার দলের সদস্যরা ওয়ানডেতে অনেক ম্যাচ খেলেছে। কিন্তু টেস্ট ম্যাচ ভিন্ন; তিনিসহ দলের বেশিরভাগই প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছে। তাই আলাদা পরিকল্পনা করতে হচ্ছে।

“ওয়ানডেতে বাংলাদেশ নিয়মিত ভালো খেলায় ওদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। সেই আত্মবিশ্বাস টেস্টেও বয়ে আনতে চাইবে ওরা। ওদের নিয়ে পরিকল্পনা তাই আছে আমাদের। তবে পরিকল্পনা থাকলেই হবে না, মাঠে সেটা কাজে লাগাতে হবে। আশা করি, সেটা আমরা পারব।”

ভারতের এবারের টেস্ট স্কোয়াডের মাত্র তিন জনের অভিজ্ঞতা আছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার। অভিজ্ঞ স্পিনার হরভজন সিং ও পেসার ইশান্ত শর্মা খেলেছেন তিনটি টেস্ট। আর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় খেলেছেন একটি টেস্ট।