‘ভারতীয় ক্রিকেটাররা তো আর এলিয়েন নয়!’
গত কিছুদিন ধরে প্রচণ্ড গরমে দেশজুড়েই সবার হাঁস-ফাঁস অবস্থা। ক্রিকেটারদের চ্যালেঞ্জটা আরও বেশি। এই গরমে মাঠে টিকে থাকাই দায়। তবে এ নিয়ে খুব একটা দুর্ভাবনা নেই মুশফিকুর রহিমের। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, চ্যালেঞ্জটা দুই দলের জন্যই সমান।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “গরমে আমাদের কষ্ট যতটুকু হবে, ততটুকু কষ্ট তাদেরও হবে। ভারতীয় ক্রিকেটাররা তো আর এলিয়েন নয়! সুতরাং এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই।”
পাঁচ দিন ধরে এই গরমে খেলে যাওয়া যে কঠিন একটা চ্যালেঞ্জ হবে, সেটা মানছেন মুশফিক, “এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এত গরমে লম্বা সময় মনোযোগ ধরে রাখা সহজ নয়। কষ্ট করতে হবে অনেক। আশা করি, চ্যালেঞ্জটা আমরা নিতে পারব।”
“আমাদের দেশে গরম তো এই সময়ে হয়েই থাকে। চ্যালেঞ্জটাই অনুপ্রেরণা। যে কোনো জিনিস কষ্ট করে অর্জন করলে অন্যরকম মজা। এই পাঁচটা দিন দেশের জন্য যাতে আরও কষ্ট করতে পারি এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারি, সেই অনুপ্রেরণা সবার মধ্যেই আছে।”
