ঢাকার যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
কারা হামলা করেছে, চিহ্নিত করতে পারেনি পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার ধনিয়া কলেজের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
তার নাম মুশফিক তাজুন (১৭)।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বুধবার রাতে পৌনে ৮টার দিকে তাজুনকে জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তাজুনের বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে। এছাড়া সায়েম নামে ১৭ বছর বয়সী কিশোরও আহত হয়েছেন। তার গায়ে ক্রিকেট খেলার স্টাম্পের জখম রয়েছে।
তবে কী নিয়ে এ ঘটনা এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি যাত্রাবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, তাজুন এবছর চলতে থাকা এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তবে কোন স্কুলের শিক্ষার্থী তা জানা যায়নি।
