গাজীপুরে উপেক্ষা দেখে ইসিতে তৎপরতা
হুঁশিয়ারির মধ্যেও থেমে থাকছে না আচরণবিধি লঙ্ঘন; ছুটির দিনে জরুরি বৈঠক করলেন সিইসি ও নির্বাচন কমিশনাররা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন দেখে ইসির কড়া হুঁশিয়ারির পর আবার ঘটছে একই ঘটনা।
রাজধানীর পাশের এই নগরীতে নিজেদের প্রতি এমন উপেক্ষা দেখে জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন।
সেই বৈঠকে গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীকে এবং নৌকার প্রার্থীকে ‘শেষবারের মতো’ সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নইলে প্রার্থিতা বাতিলের হুমকিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারও প্রার্থীর প্রচারে অংশ নেওয়া দেখে কঠোর হতে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যিনি ওই বৈঠকে ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের কম সময় আগে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হবে। এই নির্বাচনকে ইসি নিজেরাই তাদের ‘পরীক্ষা’ হিসেবে নিয়েছে।
এর মধ্যে সবার আগে ২৫ মে গাজীপুরে ভোট হবে; আর সেখানেই আচরণবিধি লঙ্ঘনের মিছিলে মন্ত্রী, প্রতিমন্ত্রীকেও দেখেছে ইসি।
সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে ইতোমধ্যে সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা।
এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় কমিশন। নৌকার মেয়র প্রার্থীকে ৭ মে ইসিতে তলবও করা হয়েছে।
এ অবস্থার মধ্যেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ফের নৌকার প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে ভোট চেয়ে সভা করেন, যা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়ায় প্রচারিত হয়।
দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেও সেই সভাটি সিটি করপোরেশন এলাকার বাইরে করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলছেন, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি।
তবে প্রার্থীর পক্ষে তার ভোট চাওয়াটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ছুটির দিন সন্ধ্যায় নির্বাচন কমিশনারদের নিয়ে আকস্মিক সভায় বসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
দুই ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ছাড়াও ছিলেন ইসি সচিব জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসি কর্মকর্তারা জানান, দলীয় পর্যায়ে তাগাদা এবং রিটার্নিং কর্মকর্তা চিঠি দেওয়ার পরও ইসির নির্দেশনা উপেক্ষিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করছে ইসি। এ অবস্থায় জরিমানা, জেল, উভয়দণ্ড এবং সর্বোচ্চ প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে কমিশনের। তবে চূড়ান্ত পদক্ষেপে যাওয়ার আগে শেষবারের মতো সতর্ক করা হবে।
জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিইসি, চার নির্বাচন কমিশনার ও সচিবের উপস্থিতিতে গাজীপুরের বিষয়টি নিয়েই শুধু আজ বেশ গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সতর্ক করার পরও আচরণবিধি লঙ্ঘন করা হল, সে বিষয়ে ব্যাখ্যা তো চাওয়া হচ্ছে।”
প্রতিমন্ত্রী রাসেলকে পাঠানো চিঠিতে বলা হচ্ছে, সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পরও মেয়র প্রার্থীর উপস্থিতিতে ভোট চেয়ে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন।
গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টে কাউলতিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে এক সভায় অংশ নিয়ে আজমত উল্লার জন্য ভোট চেয়েছিলেন রাসেল। ওই স্থানটি সিটি করপোরেশন এলাকার বাইরে।
প্রতিমন্ত্রী রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশন এলাকায় আমি কোনো সভা করিনি আজও, আচরণবিধিও লঙ্ঘন করিনি। আচরণবিধি প্রতিপালনের বিষয়ে আমি বরাবরই সচেতন।”
রাসেলের বাড়ি ওই নির্বাচনী এলাকায়। তিনি দাবি করেন, রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে কোনো ধরনের প্রটোকল ছাড়াই এলাকায় যাওয়া-আসা করেছেন তিনি।
এই নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে সর্তক করে চিঠি দেওয়া হয়েছিল।
নৌকার প্রার্থীকেও আগে এক দফা চিঠি দেওয়া হয়েছিল। ফের আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থিতা বাতিলের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বৃহস্পতিবার আবার চিঠি দিয়েছে কমিশন।
এর আগে তলবের প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে বলা হয়, “তা সত্ত্বেও বৃহস্পতিবার প্রতিমন্ত্রী সভা করে আপনার পক্ষে ভোট চেয়েছে। এটা আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। এ অবস্থায় ৭ মে এসে কেন প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।”
কাউলতিয়া থানা আওয়ামী লীগের ওই সভায় আজমত উল্লা বলেন, “গাজীপুর সিটিকে একটি জবাবদিহী মূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। মেয়র হয়ে সন্ত্রাস ও মুক্ত সিটি গড়তে চাই।”
আর প্রতিমন্ত্রী রাসেল বলেন, “গাজীপুর সিটিতে আজমত উল্লা খান জনপ্রতিনিধি হিসেবে ১৮ বছর নেতৃত্ব দিয়েছেন, তিনি এমনভাবে নেতৃত্ব দিয়েছেন যে কেউ তার নেতৃত্বে একটি ভুলও ধরতে পারেনি।
“১০ বছর আমরা বিশৃঙ্খলা একটি সিটি দেখেছি। প্রধানমন্ত্রী আমাদের ভালোবেসে এই সিটির উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, কিন্তু আমরা তা সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে পারিনি। আমাদের কষ্ট লাঘবের জন্য সঠিক সিদ্ধান্ত আমাদের এখনই নিতে হিবে। তাই ২৫ মে অনুষ্ঠেয় নির্বাচনে আজমত উল্লা খানের জন্য নৌকা মার্কায় ভোট চাই।”
