‘বড় নেতাদের’ নির্দেশেই ঘটনাগুলো ঘটছে: ডিএমপি কমিশনার
পুলিশের উপর হামলা, যেভাবে হত্যা করা হয়েছে, জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, বলেন তিনি।
বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের সময় ‘পুলিশ হত্যাসহ নানা সহিংসতা বড় নেতাদের’ নির্দেশেই ঘটেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
বুধবার বিকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।
নয়াপল্টনে গত শনিবার বিএনপির মহাসমাবেশের দিন গোলমাল শুরু করার ঘটনা পুলিশ উসকে দিয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঢাকার পুলিশ প্রধানের কাছে এর পাশাপাশি জিজ্ঞাসা ছিল, সমাবেশ শেষ করতে দিতে পুলিশ আরও ধৈর্য্যের পরিচয় দিতে পারত কি না।
এ দুই বিষয়ে তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। সংবাদমাধ্যমে সারাদেশের মানুষ সেদিনকার ঘটনা দেখেছে।
পুলিশ নয়, বিএনপিই একের পর এক উস্কানি দিয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে তাদেরকে শান্ত করা যায় কি না।
সেদিন দলটির জ্যেষ্ঠ নেতাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সরিয়ে নিতে অনুরোধ করার কথা জানিয়ে হাবিবুর বলেন, তাদের বলা হয়েছে যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে সামলান নইলে আপনাদেরই মহাসমাবেশ কর্মসূচি বাধাগ্রস্ত হবে। একাধিকবার অনুরোধ করা হলেও তারা কিছু করেননি। পরবর্তীতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর আক্রমণ, পুলিশ সদস্য হত্যাসহ ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
তার ভাষ্য, এটাই প্রমাণ করে যা যা ঘটেছে তাতে তাদের সায় ছিল, তাদের নির্দেশক্রমেই ঘটনাগুলো ঘটেছে।
ডিএমপি কমিশনার বলেন, চলমান অবরোধ কর্মসূচি সংবিধান ও জনবিরোধী। জনগণের যান চলাচল বিঘ্নিত করা দেশের প্রচলিত আইন বিরোধী। রাজনৈতিক কর্মসূচির নামে যারা অবরোধে জড়িয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
গত ২৮ অক্টোবরের ঘটনায় কতজনকে পুলিশ শনাক্ত করেছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের উপর হামলা, যেভাবে হত্যা করা হয়েছে, জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। যেখানেই পালিয়ে যাক, যেভাবেই আত্মগোপন করুক না কেন, কোনোভাবেই তারা ছাড় যাবেন না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। এজন্য পুলিশ সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও আসামি গ্রেপ্তার করা হবে।
শনিবার সমাবেশ পণ্ডের পর বিএনপি ও জামায়াতে ইসলামী হরতাল ও টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। এ কর্মসূচিতেও সংঘর্ষ, প্রাণহানি ও নাশকতা হচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে। দূরপাল্লার বাস চলছে না।
এ বিষয়ে হাবিবুর বলেন, অবরোধ কর্মসূচির নামে যা চলছে তা জনবিরোধী। জনসাধারণের স্বাভাবিক চলাচলবিরোধী। রাজনৈতিক কর্মসূচির নামে যারা অবরোধে জড়িয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
যারা ‘অস্বাভাবিক পথে’ অবরোধ করছে, চোরাগুপ্তা হামলা চালিয়ে জনগণের জানমালের ক্ষতি করছে তাদের সম্পর্কে তথ্য দিতে এবং ধরিয়ে দিতে আহ্বান জানান ঢাকার পুলিশপ্রধান।
