রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি: যুক্তরাজ্যে এক মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার
ওই সেনাসদস্য গ্লচেস্টারশায়ারের ইনসওর্থে ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এই সামরিক স্থাপনাটি নেটোর কৌশলগত ঘাঁটি।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৪১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তাকে মঙ্গলবার গ্লচেস্টার শহরের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।
ওই সেনাসদস্য বর্তমানে লন্ডনের একটি পুলিশ স্টেশনে আটক রয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
তাকে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আটক করা হয়েছে। ওই আইনে অভিযোগ গঠন ছাড়াই পুলিশ সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত কাউকে আটক রাখতে পারে।
লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশ জানায়, ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ধারা ১ ও ৩ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনের ধারা ১-এ সুরক্ষিত বা গোপনীয় তথ্য সংগ্রহ কিংবা প্রকাশের বিষয়টি রয়েছে। ধারা ৩-এ কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত।
লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশের উপসহকারী কমিশনার ভিকি ইভান্স এই গ্রেপ্তারকে ‘তাৎপর্যপূর্ণ’ বলছেন।
তিনি বলেন, “অভিযোগ গুরুতর এবং এ বিষয়ে আমাদের তদন্ত পুরোদমে চলমান।”
বিবিসি জানতে পেরেছে, ওই সেনাসদস্য গ্লচেস্টারশায়ারের ইনসওর্থে ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এই সামরিক স্থাপনাটি নেটোর অ্যালাইড র্যাপিড রিঅ্যাকশন কোরের (এআরআরসির) সদর দপ্তর এবং জোটের কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, “গুপ্তচরবৃত্তির অভিযোগ-সংশ্লিষ্ট এই গ্রেপ্তারের বিষয়টি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের।”
তিনি বলেন, “যদিও তদন্ত চলমান। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্রের প্রতি শপথ ভঙ্গ করে যারা আমাদের জাতীয় নিরাপত্তা ও মিত্রদের নিরাপত্তা বিপন্ন করবে, তাদের ব্যাপারে এফবিআই ছাড় দেবে না “
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিঙ্কন বলেন, “একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ আমাদের বুঝিয়ে দেয়, প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিরাপত্তা হুমকি সৃষ্টির ঝুঁকি রয়েছে এবং তাই ঘটছে।”
