মতিঝিলে ব্যাংকের বাসে আগুন
আগের দিনগুলোর মতো অবরোধের চতুর্দশ দিনে রাজধানী ও তিন জেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এর মধ্যে জনতা ব্যাংকের কর্মীবাহী একটি বাসও রয়েছে।
রোববার রাজধানীর মতিঝিল, নারায়ণগঞ্জ, নোয়াখালী ও সিরাজগঞ্জ জেলায় এসব গাড়ি পোড়ানো হয়।
সোমবার বেলা দেড়টার দিকে মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে জনতা ব্যাংকের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, এতে কেউ হতাহত হয়নি।
রাত পৌনে ৯টার দিকে মিরপুরের কালশীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এছাড়া অবরোধকারীরা বেশ কয়েকটি যানবাহনে ভাংচুরও চালিয়েছে বলে জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা।
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর গাবতলী এলাকায় বেলা সোয়া ১২টার দিকে আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০/৩০ জন উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একই সময় তারা একটি ট্রাকেও আগুন দেয়।
ওই সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হন তিনজন। তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘণ্টার মধ্যে বাসের আগুন নিভিয়ে ফেলে।
এর আগে রোববার রাতে নগরীর চাষাঢ়ায় একটি বাসে আগুন দেয়ার ঘটনায় এক চিকিৎসক দম্পতিসহ ১০ জন আহত হন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
নোয়াখালী জেলা শহরের জামে মসজিদ মোড়ে সকাল ৮টার দিকে একটি অটোরিকশায় আগুন দেয় অবরোধ সমর্থকরা।
ঘটনার পরপরই কিছুদূরে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই আগুন নিভিয়ে ফেলে। একই সময় শহরের মফিজ প্লাজার সামনে একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা হয়।
সিরাজগঞ্জ শহর ও শহরতলীতে একটি পিকআপ ভ্যানে আগুন, পাঁচটি অটোরিকশায় ভাংচুর এবং কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ১০টার সিরাজগঞ্জ শহরের সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে অবরোধকারীরা পরপর পাঁচটি অটোরিকশা ভাংচুর এবং হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।
একই সময়ে ছাতিয়ানতলী এলাকার রাস্তায় একটি বেকারির দোকানের মালামালবাহী পিকআপের চালকের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে মালামালসহ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
পরে সোমবার সকালে শহরের দরগা রোড এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া রাত পৌনে ৯টার দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান।
