নারায়ণগঞ্জ ও গাজীপুরে ২ বাসে আগুন, চালকসহ আহত ৬
বিএনপিসহ ২০ দলের টানা অবরোধের ত্রয়োদশ দিনে নারায়ণগঞ্জ ও গাজীপুরে যাত্রীবাহী দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক চালকসহ ছয়জন আহত হয়েছে।
রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের এবং গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি ঘটনায় আহতদের মধ্যে পাঁচ যাত্রীও রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে সমবায় মার্কেটের সামনে তারকাটাগাঁথা কাঠের ব্যারিকেড দিয়ে ঢাকা থেকে আসা বন্ধন পরিবহনের যাত্রীবাহী ওই বাসটির গতিরোধ করে দুর্বৃত্তরা।
ওসি মঞ্জুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা বাসটিতে পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়। এসময় আতঙ্কিত হয়ে নামতে গিয়ে ৫ যাত্রী আহত হয়।
“এঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রেসিডেন্ট রোড থেকে আজিম গাজী নামে এক যুবককে ধরে পুলিশে দেয় জনতা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর আগেই বাসটি পুড়ে যায়।
ঘটনাস্থল থেকে দুই বোতল পেট্রোল ও বেশ কিছু জালানি কাঠ উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে এঘটনার দেড়ঘণ্টা আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে চালক দগ্ধ হয়।
চালক আব্দুর রহমানের (৪৮) হাত-পা আংশিক পুড়ে গেছে। তাকে মাওনা আলহেরা হাসপাতালে নেওয়া হয়েছে।
বাসটির ব্যবস্থাপক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকার বেঙ্গল সোয়েটার কারখানার শ্রমিক বহনের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল বাসটি। রাতের খাবার খেয়ে চালক বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন।
“এসময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং কিছু দূর থেকে বাসে ইট-পাথর ছুড়তে থাকে। বাসের কাঁচ ভাঙ্গার শব্দ শুনে চালক দৌড়ে নামার সময় তার হাত-পা আংশিক পুড়ে যায়।”
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ততক্ষণে বাসের সবগুলো আসন পুড়ে যায়।
