জেকেজির আরিফুল-সাবরিনার রায়ের অপেক্ষা
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ আট আসামির সাজা হবে কি না, তা জানা যাবে মঙ্গলবার।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ মামলার রায় ঘোষণা করবেন। সেজন্য আসামিদের সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়েছে।
হাজতখানার ইনচার্জ নাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের সকালেই প্রিজনভ্যানে করে নিয়ে আসা হয়েছে। রায় ঘোষণার আগে তাদের আদালতে তোলা হবে।”
মহামারীর প্রথম বছর জেকেজির জালিয়াতির ঘটনাগুলো প্রকাশ্যে এলে সারা দেশে আলোড়ন তৈরি হয়। এর সঙ্গে সরকারি চাকরিতে থাকা চিকিৎসক সাবরিনার যোগসাজশ বিষয়টিকে নতুন মাত্রা দেয়। দুই বছর পর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৯ জুন মামলাটি রায়ের পর্যায়ে আসে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।”
মামলার বাকি ছয় আসামি হলেন- আরিফুলের বোন জেবুন্নেছা রিমা, সাবেক কর্মচারী হুমায়ুন কবির হিমু ও তার স্ত্রী তানজিলা পাটোয়ারী, জেকেজির কোঅর্ডিনেটর আবু সাঈদ চৌধুরী, জেকেজির কর্মচারী বিপুল দাস ও শফিকুল ইসলাম রোমিও।
খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজে বসানো বুথে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করে তা পাঠিয়ে দেওয়া হয় সরকার নির্ধারিত ল্যাবরেটরিতে। ছবি: মাহমুদ জামান অভি
আসামিপক্ষে এ মামলা পরিচালনা করেন আইনজীবী এহসানুল হক সমাজী এবং ফারুক আহাম্মদ।
সমাজী বলেন, “ডা. সাবরিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে সক্ষম হয়নি। আশা করছি আমরা ন্যায়বিচার পাব। আমরা খালাসের রায় পাব।”
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ২০২০ সালের মার্চে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছিল ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ার।
কিন্তু জুনের শেষ দিকে অভিযোগ আসে, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল জেকেজি। নমুনা পরীক্ষা না করে রোগীদের ভুয়া সনদও তারা দিচ্ছিল।
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের প্রতারণার ঘটনায় আলোচিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে রোববার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে ডেকে নেওয়ার পর গ্রেপ্তার করে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। ছবি: আসিফ মাহমুদ অভি
পরে তাদের কম্পিউটার থেকে চারজন প্রবাসীরসহ ৪৩ জনের নামে তৈরি করা করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ পাওয়া যায়।
পরদিন কামাল হোসেন বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন ওই দুইজনের বিরুদ্ধে। সরকারি নাম ব্যবহার করে টাকা আত্মসাৎ, কাজে অবহেলার মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রামণ বিস্তারের ঝুঁকি তৈরি, করোনাভাইরাসের সনদ জালিয়াতির অভিযোগ আনা হয় সেখানে।
হুমায়ুন ও তার স্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে তেজগাঁও থানা পুলিশ জেকেজির সিইও আরিফুল চৌধুরী, তার বোন জেবুন্নেছাসহ সাতজনকে গ্রেপ্তার করে।
পরে ১২ জুলাই জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনাকেও গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ডা. সাবরিনা আরিফ ও আরিফুল চৌধুরী। ছবি: ফেইসবুক
অভিযোগপত্রে সাবরিনা ও আরিফকে জালিয়াতির ‘হোতা’ বলে উল্লেখ করা হয়। আর বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই জালিয়াতিতে ‘সহযোগিতা’ করেছেন।
ওই বছর ২০ অগাস্ট দণ্ডবিধির ১৭০/২৬৯/৪২০/৪০৬/৪৬৬/৪৬৫/৪৭১/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী।
এর মধ্যে ১৭০ ধারায় সরকারি কর্মচারীর ভুয়া পরিচয় দিলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড; ২৬৯ ধারায় বিপজ্জনক রোগের সংক্রমণ ছড়াতে পারে জেনেও অবহেলার অভিযোগে ৬ মাস; ৪০৬ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য তিন বছর; ৪২০ ধারায় প্রতারণার দায়ে সাত বছর পর্যন্ত কারাদণ্ড; ৪৬৫ ধারায় জালিয়াতির দায়ে দুই বছর পর্যন্ত কারাদণ্ড; ৪৬৬ ধারায় জালিয়াতির দায়ে সাত বছর কারাদণ্ড; ৪৭১ ধারায় জাল দলিলকে খাঁটি হিসেবে দেখানোর দায়ে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
গত ২০ এপ্রিল এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রের ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জন বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন। পরে ১১ মে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
পুরনো খবর:
