ডা. সাবরিনার এনআইডি ‘ব্লকড’
দ্বৈত ভোটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. সাবরিনা চৌধুরীর জাতীয় পরিচয়পত্র আপাতত অকার্যকর করেছে নির্বাচন কমিশন।
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার এই চিকিৎসককে নিয়ে তদন্তে নেমে তার দুটি জাতীয় পরিচয়পত্র পায় দুর্নীতি দমন কমিশন।
দুদকের পক্ষ থেকে তা চিঠি দিয়ে ইসিকে জানানো হলে বৃহস্পতিবার ডা. সাবরিনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দুটি ‘ব্লক’ করা হয়।
ইসির এনআইডি উইংয়ের অফিসার ইনচার্জ (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এ কর্মকর্তা বলেন, “ইসি সচিব মহোদয়ের কাছে ওই দুটি এনআইডি সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চিঠি পাওয়ার পর প্রাথমিকভাবে দুটি এনআইডি ব্লক করে দেওয়া হয়েছে।”
“দুদকের চিঠির জবাব ও আইনানুগ পরবর্তী করণীয় বিষয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে,” বলেন তিনি।
‘ব্লকড’ থাকায় সাবরিনা এনআইডি ব্যবহার করে কিছু করা যাবে না। তার ভোটার তথ্য যাচাই করে কোনো সেবাও নিতে পারবেন না তিনি।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাবরিনা বরখাস্ত হয়ে এখন কারাগারে রয়েছেন। জেকেজি হেলথ কেয়ারের দুর্নীতি মামলায় তার বিচারও শুরু হয়েছে।
ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
গত ১২ জুলাই সাবরিনাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তদন্তে নামে দুদক, তখনই দুটি জাতীয় পরিচয়পত্রের হদিস বেরিয়ে আসে।
ডা. সাবরিনা আরিফ
ভিন্ন নম্বরের দুটি জাতীয় পরিচয়পত্রে নাম একই থাকলেও জন্মতারিখ, স্বামী, ঠিকানা ভিন্ন।
সরকারি নথিপত্রে নাম সাবরিনা শারমিন হুসাইন থাকলেও এই চিকিৎসক সাবরিনা আরিফ নামে নানা কর্মসূচিতে অংশ নিতেন। কর্মস্থলে তার কক্ষে নামফলকেও লেখা ছিল- ডা. সাবরীনা আরিফ।
সাবরিনা মোহাম্মদপুর এলাকায় প্রথম ভোটার হয়েছেন; পরেরবার ভোটার হয়েছেন গুলশানে।
ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বুধবার সাংবাদিকদের বলেছিলেন, “দ্বৈত ভোটারের বিষয়টি যদি প্রমাণিত হয় এবং এর সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ত পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
ভোটার তালিকা আইন অনুযায়ী, মিথ্য তথ্য দিয়ে ভোটার হলে অনধিক ছয় মাস কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
৫ সদস্যের তদন্ত কমিটি
মিথ্যা তথ্য দিয়ে ডা. সাবরিনা আরিফকে দ্বিতীয়বার ভোটার করায় কারা সম্পৃক্ত, তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সেই সঙ্গে দ্বৈত ভোটার হওয়ার অপরাধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল আলাপে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন, “দ্বৈত ভোটারের বিষয়টিতে সব দিক থেকে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
“জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গুলশান থানা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”
সাবরিনা মোহাম্মদপুর এলাকায় প্রথম ভোটার হয়েছেন; পরেরবার ভোটার হয়েছেন গুলশানে।
এনআইডি ‘ব্লক’ করার বিষয়ে তিনি বলেন, “প্রথম এনআইডি সঠিক; তথ্য গোপন করে দ্বিতীয়বার ভোটার হয়ে আরেকটা জাতীয় পরিচয়পত্র বহন করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাড্ডা এলাকায় দ্বিতীয়বার ভোটার হওয়ায় গুলশান থানা নির্বাচন অফিসারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
দুটি এনআইডির বিষয়ে দুদকের চিঠির জবাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আইডিইএ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নুরুজ্জামান খানকে প্রধান করে ‘উচ্চ পর্যায়ের’ এ তদন্ত কমিটি করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল বলেন, “এ কমিটিতে এনআইডি, বুয়েট, কম্পিউটার কাউন্সিলরসহ অন্যদের রাখা হয়েছে। যেন সব দিক বিবেচনা করে কারা জড়িত তা খুঁজে বের করা হয়। তদন্ত প্রতিবেদন যখনই পাব, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
