পি কে হালদারসহ ২৮ জনের নামে আরও দুই মামলা
এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে দুইটি 'কাগুজে' কোম্পানির নামে ৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ২৮ জনের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাগুলো করেন।
এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 'অস্তিত্বহীন' কোম্পানি এস এ এন্টারপ্রাইজের নামে ৪২ কোটি ও সন্দ্বীপ করপোরেশন নামে আরেকটি 'অস্তিত্বহীন' কোম্পানির নামে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে আসামিরা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
দুই মামলাতেই পি কে হালদার, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ হাফিজ, পরিচালক সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার নন্দীসহ ১২ জন পরিচালক ও এফএএস ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ারসহ অন্যান্যদের আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 'ভুয়া ও অস্তিত্ববিহীন' কোম্পানি এস এ এন্টারপ্রাইজের নামে জাল রেকর্ডপত্র প্রস্তুত করেন। ওই কোম্পানির মালিককে জামানত ছাড়াই ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তারা। তাদের সহায়তায় ৮২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৫২৩ কোটি টাকা ১৩টি 'কাগুজে' কোম্পানির নামে ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে পি কে হালদারসহ ২৯ জনের বিরুদ্ধে ১৩টি মামলা করে দুদক। একই কোম্পানি থেকে একই কায়দায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল ২৪ ফেব্রুয়ারি পিকে হালদারসহ ২১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন।
এই চার কোম্পানি হল- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
এসব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অংকের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন বলে তদন্তকারীদের ভাষ্য। এর মধ্যে আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের মুখে ২০২০ সালের জানুয়ারিতে পি কে হালদারের বিদেশ পালিয়ে যান।
দুদক কর্মকর্তারা বলছেন, পি কে হালদার তার নিজের, আত্মীয়, বন্ধু ও কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কোম্পানিতে বিপুল অংকের টাকা বিনিয়োগ করেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ অনুসন্ধানে মেলেনি।
এসব অভিযোগে আলাদা অনুসন্ধান ও তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি অনুসন্ধান দল।
পুরনো খবর
