২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভ থেকে সারওয়ার আলীর বাসায় ডাকাতির চেষ্টা: পিবিআই

চাকরির সময় ভালো ব্যবহার না পাওয়ায় তৈরি হওয়া ক্ষোভ থেকেই মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলীর বাড়িতে ডাকাতি করতে হামলার ঘটনা ঘটান তার সাবেক গাড়িচালক নাজমুল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2020, 04:22 PM

Updated : 10 Oct 2022, 06:55 PM

নাজমুলসহ চারজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে এই দাবি করেছে ঘটনাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন- পিবিআই।

বুধবার দুপুরে উত্তরা থেকে নাজমুলের সঙ্গে গ্রেপ্তার করা হয় তার চাচাত ভাই শেখ রনি (২৫), প্রতিবেশী ফয়সাল কবির (২৬) ও মনির হোসেনকে (২০)।

বৃহস্পতিবার সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারদের অতীতে অন্য কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি এবং তাদের কাছ থেকে কয়েকটি ডায়রি উদ্ধার করা হয়েছে। সেসব ডায়রিতে উগ্রবাদী কোনো লেখাও পাওয়া যায়নি।

গত ৫ জানুয়ারি রাতে সারওয়ার আলীর উত্তরার বাড়িতে দুজন ঢুকে তাকে মেঝেতে শুইয়ে গলায় ছুরি ধরেছিল। প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

হামলাকারীদের ফেলে যাওয়া মোবাইল সেট নাজমুলের বলে তখন পিবিআই নিশ্চিত হয়। এছাড়া হামলাকারীরা নিচতলায় গ্যারেজে একটি ব্যাগ ফেলে যায়, যেখানে ৭টি স্টিলের চাপাতি, একটি সিম ছাড়া মোবাইল সেট, একটি প্রেশার মাপার যন্ত্র, একটি আইপ্যাড ও নাইলনের দড়ি ছিল।

দুর্বৃত্তদের রেখে যাওয়া চাপাতি দেখে ঘটনাটি জঙ্গি হামলা চালানোর উদ্দেশ্যে ঘটনো হয়েছিল বলে  সে সময় বলেছিলেন সারওয়ার আলী এসেছিল।

Image
সারওয়ার আলীর বাসায় হামলার মূল পরিকল্পনাকারী তার সাবেক গাড়িচালক নাজমুল।

সারওয়ার আলীর বাসায় হামলার মূল পরিকল্পনাকারী তার সাবেক গাড়িচালক নাজমুল।

পুলিশ কর্মকর্তা বনজ কুমার বলেন, “২০১৭ সালে নয় মাস সারওয়ার আলীর স্ত্রীর গাড়ি চালিয়েছে নাজমুল। তার দাবি, গরিব মানুষ হিসেবে প্রাপ্য সঠিক ব্যবহার পাচ্ছেন না বলে রাগ করে চাকরি ছেড়ে দেয় সে।”

নাজমুল হিন্দি সিনেমার পাগল ছিল জানিয়ে তিনি বলেন, “নাজমুল শয়নে-স্বপনে নিজেকে হিন্দি সিনেমার একজন প্রতিবাদী নায়ক বা ভিলেন হিসেবে নিজেকে কল্পনা করতে অভ্যস্ত। সেই কাল্পনিক ধারণার বশবর্তী হয়ে সারওয়ার আলীর পরিবারকে উচিত শিক্ষা দেওয়া ও ভয় দেখিয়ে ডাকাতির পরিকল্পনা করে নাজমুল।”

পিবিআই প্রধান বলেন, ৪ জানুয়ারি আশকোনায় হাজী ক্যাম্পের সামনের একটি হোটেলে নাস্তা করে ডাকাতির বিষয়ে বৈঠক করে নাজমুল। ঘটনার সময় ওই বাসার কেউ যাতে চিনতে না পারে সেজন্য তিন মাস ধরে সে দাড়ি-গোঁফ কাটেনি।

হামলায় মোট সাতজন ছিল। তাদের মধ্যে রনির ভগ্নিপতি আল আমিন মল্লিক ও প্রতিবেশী নূর মোহাম্মদ মোল্লা পলাতক রয়েছেন বলে জানান বনজ কুমার।

এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৩ জানুয়ারি ফরহাদ নামে একজনকে গ্রেপ্তার করে পিবিআই।

আরও খবর

সারওয়ার আলীর বাড়িতে হামলায় আরও চারজন গ্রেপ্তার  

সারওয়ার আলীর বাড়িতে হামলায় গ্রেপ্তার তরুণের স্বীকারোক্তি  

সারওয়ার আলীর বাড়িতে হামলা ডাকাতির উদ্দেশ্যে: পিবিআই  

সারওয়ার আলীকে হত্যা চেষ্টা: দারোয়ান-চালকের জবানবন্দি  

সারওয়ার আলীর সন্দেহ জঙ্গিদের, পুলিশ এখনও স্পষ্ট নয়  

সারওয়ার আলীর উপর হামলায় ‘জঙ্গিগোষ্ঠী ’  

বাসায় ঢুকে সারওয়ার আলীর পরিবারের উপর হামলা