২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ১৯ বছরের চেয়ে বেশি রোগী এক মাসেই

চলতি বছর অগাস্ট মাসে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত ১৯ বছরে নথিভুক্ত সব ডেঙ্গু রোগীর মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 04:23 PM

Updated : 03 Nov 2023, 07:58 PM

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানাচ্ছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অগাস্টেই ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯৭৪ জন।

আর ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৫০ হাজার ১৪৮ জনের ডেঙ্গুর চিকিৎসা নেওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে সরকারের খাতায়।

সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর অগাস্টে রোগীর সংখ্যা বেড়েছে জুলাইয়ের তিন গুণের বেশি। 

গত এক মাসের মধ্যে ৭ অগাস্ট সর্বোচ্চ ২ হাজার ৪২৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গু জ্বর নিয়ে। ২১ অগাস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।

 

আর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত এক মাসের মধ্যে সবচেয়ে কম। নতুন ভর্তি এই রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৬৫ এবং ঢাকার বাইরে ৫৬০ জন রয়েছেন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯৩ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনিই কমছে।

বৃহস্পতিবার হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৩০ জন। তার আগে বুধবার ৫ হাজার ২২২ জন, মঙ্গলবার ৫ হাজার ৩২২ জন, সোমবার ৫ হাজার ৫৬২ জন, রোববার ৫ হাজার ৯৪০ জন এবং শনিবার ৬ হাজার ২৮৯ জন ভর্তি ছিলেন হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, এ কথা আমরা খুব কেয়ারফুলি বলতে চাই। দেখা গেল, আমরা বলছি, ক্রমেই রোগীর সংখ্যা কমে আসছে, তাহলে ডেঙ্গু কন্ট্রোলে যেসব মেজারমেন্ট আমরা নিয়েছি, তাই বন্ধ হয়ে যাবে। জনগণ খুব রিল্যাক্সড হয়ে যাবে।

“এখন বৃষ্টিপাত নেই। সামনে বৃষ্টি হলে আবার কিন্তু মশার বিস্তার বাড়বে। আবহাওয়ার অবস্থা অনুযায়ী, আমরা বলতে পারব না যে এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে এসেছে।”

শুক্রবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৬৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬১০ জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ০৮৭ জন ভর্তি আছেন।

ডেঙ্গু জ্বরে চলতি বছরে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’প্রক্রিয়া শেষ করে নিশ্চিত করেছে।

তবে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৯০ জনের মৃত্যুর তথ্য এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে।

ফ্লোরা বলেন, “ঈদের পরে আমাদের ভার্বাল অটোপসি (মৃত্যুর কারণ বোঝার জন্য উপসর্গ ও শারীরিক অবস্থার তথ্য বিচার) কার্যক্রম বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। আমরা নতুন আপডেট জানাব।”

আরও খবর

ডেঙ্গু আর কতদিন  

ডেঙ্গু: আক্রান্ত বেশি পুরুষরা, মৃত্যু বেশি নারীদের  

ডেঙ্গুর লক্ষণ কী, হলে কী করবেন  

মাসের পর মাস টিকে থাকে এডিস মশার ডিম!  

ডেঙ্গু: ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া বাতিল করার পরামর্শ বিশেষজ্ঞের

ডেঙ্গুর মশা নিধনে ‘ফগিং’ কেবলই ভ্রান্তি: ডব্লিউএইচও বিশেষজ্ঞ