ডেঙ্গুতে এক দিনেই আরও ৯ মৃত্যু
চলতি বছরে এর আগে ২৪ ঘণ্টায় এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। আর আগের দিনই এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বছরের শেষ দিকে এসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর ঊর্ধ্বগতির খারাপ খবরও আসছে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
আগের দিন বুধবার চলতি বছরে এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন জানাল এ বছর এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর খবর।
এর আগে গত ১৩ অক্টোবর আটজনের মৃত্যু হয়েছিল, যা ছিল ওইদিন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ এ তথ্য অনুযায়ী, এ নিয়ে নভেম্বরের প্রথম তিন দিনে মোট ২০ জনের মৃত্যু হল। আর বছরজুড়ে ডেঙ্গু রোগে প্রাণ গেল ১৬১ জনের।
আর বুধবার (২ নভেম্বর) সারাদেশে ১ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছে। এ বছর এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ।
আগের দিন নতুন ভর্তি রোগীর সংখ্যা হাজার ছাড়ালেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৮২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বরের প্রথম তিন দিনে এ সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৬৯ জন।
এ নিয়ে চলতি বছরে মোট ৪০ হাজার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর ২০২১ সালে হাসপাতালে গিয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।
২০১৯ সালে ১৬৪ জনের মৃত্যু হয়েছিল, যা দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০২১ সালে মৃত্যু হয়েছিল ১০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের ৪৯৮ জন ঢাকায় এবং ৩৮৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৭৬ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ২৭৬ জন এবং অন্যান্য স্থানের হাসপাতালে ১ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১২৭ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে।
দেশে এ পর্যন্ত যে ১৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ৯৮ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকা বিভাগের নরসিংদী ও মানিকগঞ্জে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন চট্টগ্রাম বিভাগে ৪১ জন।
এখন পর্যন্ত চলতি বছরে অক্টোবরে সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বোচ্চ ৮৬ জনের মৃত্যুও হয়েছে ওই মাসে।
