২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে নভেম্বরের প্রথম দিনেই ৭ মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে বাঁচতে পুলিশ সদস্যদের ফুলহাতা পোশাক পরতে বলা হয়েছে।

ডেঙ্গুতে নভেম্বরের প্রথম দিনেই ৭ মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে এইডিস মশার বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতীকী মশা হাতে শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 08:10 PM

Updated : 01 Nov 2022, 08:10 PM

ডেঙ্গুতে অক্টোবরে রেকর্ড মৃত্যুর পর নভেম্বর মাসের প্রথম দিনেই সাতজন মারা যাওয়ার খবর এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার সাতজনের মৃত্যুর খবর জানানোর পাশাপাশি ডেঙ্গুজ্বর নিয়ে আরও ৯৮৩ জনের হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস মহামারী পেরিয়ে এ বছর আবার ভয়াবহ হয়ে উঠেছে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে আক্রান্ত হয়ে সদস্য শেষ হওয়া অক্টোবরে ৮৬ জনের মৃত্যু হয়, যা একক মাস হিসেবে দেশে সর্বোচ্চ সংখ্যা।

২০১৯ সালে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে যাওয়া ব্যক্তির সংখ্যা লাখ ছাড়িয়েছিল। এই বছর ডেঙ্গুর প্রকোপ অন্য বছরের তুলনায় দেরিতে শুরু হলেও মঙ্গলবার নাগাদ হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা ৩৯ হাজার ৭ জনে দাঁড়িয়েছে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।

এক বছরে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বাধিক। ২০১৯ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আর ২০২১ সালে হাসপাতালে গিয়েছিল ২৮ হাজার ৪২৯ জন।

এক বছরে সর্বাধিক ১৬৪ জনের মৃত্যু হয়েছিল ২০১৯ সালে। ২০২১ সালে মৃত্যু হয়েছিল ১০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে নতুন ৫৩২ রোগীর ঢাকার এবং ৪৫১ জনের ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্য জানানো হয়।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৫৯৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ৩২২ জন, অনান্য জেলায় ১ হাজার ২৭৬ জন।

ঢাকা নগরীর বাইরে সবচেয়ে বেশি ১৫০ জন রোগী ভর্তি আছেন ঢাকা বিভাগের বিভিন্ন জেলায়।

Image

হাসপাতালে ডেঙ্গু রোগী।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।

সারাদেশে এ পর্যন্ত যে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। ঢাকা বিভাগের নরসিংদী জেলায় একজন, মানিকগঞ্জ জেলায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।

বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এ সময় এই মশার দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে। তবে এ বছর এ রোগের প্রকোপ বেড়েছে সেপ্টেম্বর-অক্টোবরে।

পুরনো খবর:

ডেঙ্গুতে এক মাসে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরেই
ডেঙ্গু: দ্রুত কমছে প্লাটিলেট, লাগছে রক্ত
ডেঙ্গু: সময় ও উপসর্গে পরিবর্তন ভাবাচ্ছে চিকিৎসকদের

গত অক্টোবর মাসে সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। যেখানে জুলাই মাসে ছিল ১ হাজার ৫৭১ জন, অগাস্ট মাসে ৩ হাজার ৫২১ জন এবং সেপ্টেম্বর মাসে ৯ হাজার ৯১১ জন।

অক্টোবরে মৃত্যুর রেকর্ডের আগে সেপ্টেমএর ৩৪ জন মারা যান ডেঙ্গু রোগে। এছাড়া জুন মাসে ১ জন, জুলাই মাসে ৯ জন, অগাস্ট মাসে ১১ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত এই রোগে।

পুলিশেও ডেঙ্গু সতর্কতা

ডেঙ্গু রোগী বাড়ছে ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও, যেখানে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা পেয়ে থাকেন।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মৌসুমে তাদের হাসপাতালে ৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ থেকে ১৩ জন পুলিশ সদস্য। বাকিরা পুলিশ পরিবারের সদস্য।

এই হাসপাতালে একটি শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও ডেঙ্গু আক্রান্ত তিনজনকে নিবিড় পরিচর্যায় রাখতে হয়েছে।

Image

মশা নিধনে ফগার মেশিন হাতে ঢাকার সিটি করপোরেশনের কর্মী

ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে বাঁচতে ১ নভেম্বর থেকে শীতকালীন ইউনিফর্ম (ফুলহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের, যদিও এখনও গরম কাটেনি।

গত রোববার পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হল।

ধানমণ্ডি থানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গু মৌসুমে টহল দলগুলো গাড়ির (পিকআপ) সামনে ও পেছনে কয়েল জ্বালাচ্ছে। এছাড়া সাধারণ মানুষেরা মশা থেকে বাঁচতে যা যা করছে পুলিশ সদস্যদেরও তা করতে বলা হয়েছে।

তিনি জানান, তার থানার দুই পরিদর্শকের পরিবারের একাধিক সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে থানার কোনো সদস্যের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।