ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, রোগী ছাড়াল দেড় লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে ৪৬৭ জনের মৃত্যু হল, এর মধ্যে চলতি নভেম্বরে মৃত্যু হয় ৪৭ জনের।
দেশে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এই সময়ে আরও ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫২ হাজার ১৭৩।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৬৭ জনের প্রাণ গেল; এর মধ্যে চলতি নভেম্বরে মৃত্যু হয় ৪৭ জনের।
আগের মাস অক্টোবর মৃত্যু হয় ১৭৪ জনের; সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল ১৪৮।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ১০৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, খুলনায় ২৭৭, রাজশাহী ১৮৮, রংপুর বিভাগে ৮৩, ময়মনসিংহে ১১১, সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন।
তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতাল ছেড়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১১৪ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
