ডেঙ্গু রোগী আরও বাড়লে আলাদা ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
এক অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, দেশে বছরে শুধু ক্যান্সারে মৃত্যু হয় এক লাখের বেশি মানুষের, প্রতি বছর প্রায় দেড় লাখ লোক নতুন করে আক্রান্ত হচ্ছে।
ডেঙ্গু আক্রান্ত রোগী যদি আরও বাড়ে, তাহলে তাদের চিকিৎসায় আলাদা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের হাসপাতালের অনেক বেড এখন ডেঙ্গু রোগীতে ভরে আছে। এ চিকিৎসায় আবার আমাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে।”
পরিস্থিতি আরও নাজুক হলে সরকারের প্রস্তুতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সকলের সহযোগিতায় আশা করি ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের চিকিৎসার কোনো ত্রুটি নেই।
“নর্থ সিটি করেপারেশনের এক হাজার বেডের করোনাভাইরাস হাসপাতালে আমরা এখন ডেঙ্গু রোগী রাখি। বঙ্গবন্ধু মেডিকেল কলেজেও করোনাভাইরাসের ৪০০ বেড আছে, দরকার হলে সেখানেও রোগী রাখতে পারব।”
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ৩৯ হাজার ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের ১৪৮ জন মারা গেছেন। অক্টোবরে সর্বোচ্চ ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছেন, এ মাসে রেকর্ড ৮৬ জনের মৃত্যু হয়েছে।
জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকারমন্ত্রী, পৌরসভার মেয়র ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
“উনারা এইডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করবেন। ঢাকা শহরেই শুধু ডেঙ্গু রোগী বা ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়নি; প্রায় ৫০টি জেলায় এখন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। সে বিষয়ে কাজ করতে হচ্ছে এখন আমাদের, চিকিৎসা দিতে হচ্ছে। সবগুলো একইসঙ্গে করতে হচ্ছে।”
‘করোনাভাইরাসের চেয়ে ক্যান্সারে তিন গুণ বেশি মৃত্যু’
জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রতিরোধ কর্মসূচি বিষয়ক এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বছরে শুধু ক্যান্সারে মৃত্যু হয় এক লাখের বেশি মানুষের, প্রতি বছর প্রায় দেড় লাখ লোক নতুন করে আক্রান্ত হচ্ছে। মোট রোগী সংখ্যা ধরে নেওয়া হয় ১৫ থেকে ১৮ লাখ।
“তিন বছরে করোনাভাইরাসে যা মৃত্যু হয়েছে, তার তিনগুণ মৃত্যু হয়েছে এক বছরে ক্যান্সারে। এ বিষয়ে আমাদের যথেষ্ট মনোযোগী হওয়া খুবই প্রয়োজন।”
শনাক্তের বাইরে থাকায় অনেক ক্যান্সার রোগীর খবর রাখাই কঠিন মন্তব্য করে জাহিদ মালেক বলেন, “স্ক্রিনিংয়ের বিষয়ে আমরা সকলেই জোর দিয়েছি। প্রথমে স্ক্রিনিং হোক, এজন্য প্রায় ৫৭০টি স্ক্রিনিং সেন্টার করা হয়েছে। তারপর যদি সেখানে ধরা পড়ে, উচ্চতর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
“স্ক্রিনিং এরপর পজিটিভ রোগীদের জন্য প্রায় ৪৩টি কলোনস্কোপি সেন্টার করা হয়েছে। প্রতিটি উপজেলায় ইলেকট্রনিক ডেটা ট্রেকিং ব্যবস্থা করা হচ্ছে। যাতে পরীক্ষা করতে, স্ক্রিনিং করতে যারা আসবে তাদের তথ্য সংগ্রহ করে, পরীক্ষার জন্য উচ্চতর হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও হয়েছে। ২০০টি উপজেলায় করেছি। নির্দেশনা দিয়েছি ৫০০টি উপজেলায় এটি করতে। প্রাথমিক স্ক্রিনিংটা যেন করা যায়।”
তবে স্ক্রিনিংয়ে রোগী শনাক্ত হওয়ার পর তাদের চিকিৎসা সেবা বাংলাদেশে এখনও উন্নত হয়নি বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, “সেভাবে ব্যবস্থা আমরা এখনও নিতে পারি নাই। যার ফলে অনেকে বাইরে চিকিৎসা নিতে যায়। আমরা উদ্যোগ নিয়েছি। আটটি বিভাগে আটটি মেডিকেল হাসপাতাল নির্মাণ পর্যায়ে রয়েছে, যে হাসপাতালের মধ্যে ক্যান্সার সেন্টার রয়েছে।
“মেডিকেল কলেজে, জেলা শহরে চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আরেকটি উচ্চতর ব্যবস্থা হলো মেমোগ্রাফি মেশিন, পোস্ট ক্যান্সারের জন্য। এটির ব্যবস্থাও বাংলাদেশে সেভাবে হয়নি।”
পর্যায়ক্রমে প্রতিটি জেলা হাসপাতালে মেমোগ্রাফি মেশিন দেওয়া হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, “তাহলে স্ক্রিনিংয়ের ব্যবস্থাটা আরও ভালো হবে। মেডিকেল কলেজে ক্যানসার চিকিৎসা এখন খুবই অপ্রতুল, আমরা সেখানে আরও ভাল ব্যবস্থা নেব।”
করোনাভাইরাসের কারণে ক্যান্সার, হার্টসহ অন্যান্য রোগের স্বাভাবিক চিকিৎসা দেওয়া যায়নি মন্তব্য করে তিনি বলেন, “ক্যান্সারের চিকিৎসায় প্রতিনিয়তই আমাদের সংগ্রাম করতে হয়। এখন আবার ডেঙ্গু এসে হাজির হয়েছে।”
ক্যান্সার থেকে রক্ষা পেতে নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার তাগিদ দিয়ে জাহিদ মালেক বলেন, “আমরা যদি ধূমপান না করি, তামাক সেবন না করি, অবিসিটি যদি না হয়, ফ্যাটি ফুড যদি আমরা কম খাই, দূষিত খাবার থেকে যদি আমরা বিরত থাকতে পারি- তাহলে আমরা রক্ষা পাবো।”
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুন্নেসা এই প্রকল্পের তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৪ লাখ নারীর স্ক্রিনিং করা হয়েছে। যাদের ৫ দশমিক ৭১ শতাংশের জরায়ু ক্যান্সার ও ১ দশমিক ৩৪ শতাংশের স্তন ক্যান্সার ধরা পড়ে।
