২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার শিশুদের রক্ষায় জাতিসংঘ মহাসচিবকে সুপ্রিম কোর্টের চিঠি

চিঠিতে গাজায় সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি।

গাজার শিশুদের রক্ষায় জাতিসংঘ মহাসচিবকে সুপ্রিম কোর্টের চিঠি

গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে আশ্রয় নেওয়া শিশুরা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 02:04 PM

Updated : 16 Jan 2024, 02:04 PM

ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় শিশুদের রক্ষার ব্যবস্থা নিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার জানান, কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সই করা ওই চিঠি জাতিসংঘ মহাসচিবের বরাবরে পাঠানো হয়েছে।

রেজিস্ট্রার সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, “গাজায় শিশুদের নিরাপত্তা প্রদানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি চিঠি পাঠিয়েছেন। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী এ চিঠি পাঠানো হয়েছে।”

চিঠিতে গাজায় সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি।

শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণের জন্য, শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার অবসান, শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপের সূচনা, শিশুদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োগসহ দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে চিঠিতে। 

সেখানে বলা হয়, “বিশ্বের সব শিশুর আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিতকরণে যেহেতু আমাদের সমষ্টিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেহেতু বিশ্বের শিশুদের প্রতিপালন ও উন্নতি বিধানকল্পে জাতিসংঘের সকল উদ্যোগে সমর্থন ও অবদান রাখতে সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি বদ্ধপরিকর”