২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ঘূর্ণিঝড় সিত্রাং, নজর বাংলাদেশের দিকেই

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।

সাগরে ঘূর্ণিঝড় সিত্রাং, নজর বাংলাদেশের দিকেই

ঘূর্ণিঝড়ের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 10:37 PM

Updated : 23 Oct 2022, 10:42 PM

পূর্ব মধ্য বঙ্গোসাগরে অবস্থনরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড় নাম পেয়েছে সিত্রাং; থাই ভাষায়, যার মানে হল পাতা।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৬২ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের বর্ধিতাংশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত মানে হল, বন্দর ঘূর্ণিঝড়-কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মত বিপজ্জনক সময় এখনও আসেনি।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকলীয় এলাকার ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং উপকূলীয় জেলার নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোর নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।”

আকস্মিক বন্যার পূর্বাভাস

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরফিুজ্জামান ভুইয়া জানান, আবহাওয়া সংস্থাগুলোর সবশেষ তথ্যানুযায়ী ঘূর্ণিঝড়টি ২৫ অক্টোবর ভোরে বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে ২৪-২৬ অক্টোবর উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণা পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হবে।

এর ফলে দক্ষিণ পূর্বাঞ্চলের অনেক স্থানে আকস্মিক বন্যা এবং পূর্বাঞ্চল. উত্তর পূর্বাঞ্চলের মুহুরী, মুন, খোয়াই, সুরমা-কুশিয়ারা নদ-নদীরর পানি বাড়তে পারে এবং সময় বিশেষে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে।

প্রস্তুতি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুল রহমান রোববার দুপুরে সরকারের ঘূর্ণিঝড় প্রস্তুতির বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা ধারণা করছি, গত তিন বছরের মধ্যে এটিই সবচেয়ে ব্যাপক বিস্তৃত এলাকায় আঘাত হানবে। উপকূলীয় ১৯টি জেলাকে আমরা ঘূর্ণিঝড় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করছি। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগাম প্রস্তুতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে।”

গত তিন বছরের মধ্যে ঘূর্ণিঝড় ফনী, বুলবুল, আম্পান, ইয়াস, গুলাব, জোয়াদ ও সবশেষ আসানি ভারত বা বাংলাদেশ উপকূলে এসেছে।

এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পান সুপারসাইক্লোনের শক্তি নিয়ে এলেও উপকূলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপে। এর বিস্তৃতিও ছিল বড়। কোভিড মহামারীর মধ্যে ওই ঝড়ে অন্তত ১৫ জনের প্রাণ যায়। তবে গত চারটি ঘূর্ণিঝড়ের বড় কোনো প্রভাব বাংলাদেশ উপকূলে পড়েনি।

প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে সাইক্লোন শেল্টারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক জেলার জন্য ১০০০ প্যাকেট করে শুকনো খাবার, ২৫ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা পাঠানো হয়েছে।”

তিন দশকে ঘূর্ণিঝড়

# ১৯৯১ সালের ৩০ এপ্রিল বয়ে যায় প্রলয়ঙ্করী ঝড়। ভারত মহাসাগরে উৎপত্তি ছিল সেই ঝড়ের, পরে তা ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতির ঘূর্ণিবায়ু নিয়ে আছড়ে পড়ে চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় এলাকাগুলোতে। প্রায় দেড় লাখ লোকের প্রাণহানি ঘটে ওই ঝড়ে।

# ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত হয় দেশের দক্ষিণ উপকূল। উত্তর ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট এ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার। এতে তিন হাজরের বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩২টি জেলার ২০ লাখ মানুষ। উপকূলীয় এলাকায় প্রায় ৬ লাখ টন ধান নষ্ট হয়ে যায়। সুন্দরবনের প্রাণীদের পাশাপাশি ব্যাপক গবাদিপশু প্রাণ হারায়।

# ২০০৮ সালের অক্টোবরে ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আঘাত হানা ঘূর্ণিঝড় রেশমিতেও প্রাণহানি ঘটে।

# ২০০৯ সালের ২১ মে ভারত মহাসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় আইলা, যার অবস্থান ছিল কলকাতা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে। চার দিনের মাথায় ২৫ মে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ-পূর্বাংশে আঘাত হানে এই ঝড়। সেই ঘূর্ণিঝড় ভারতের ১৪৯ জন ও বাংলাদেশের ১৯৩ জনের প্রাণ কেড়ে নেয়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে উপকূলে প্রায় ৩ লাখ মানুষ বাস্তুভিটা হারায়।

# ২০১৩ সালের মে মাসে ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এ প্রাণ হারান ১৭ জন।

# ২০১৪ সালের ৬ অক্টোবর আঘাত হানে ঘূর্ণিঝড় হুদহুদ। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতির বাতাসের সেই ঝড়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার ব্যাপক ক্ষতি হয়, মৃত্যু হয় শতাধিক মানুষের। তবে বাংলাদেশে ক্ষতির পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম।

# ২০১৫ সালের ৩০ জুলাই ঘূর্ণিঝড় কোমেনে দেশের চার জেলায় অন্তত চারজন মারা যান। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া নিয়ে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে সেই ঝড়।

# ২০১৬ সালের ২১ মে পূর্ণিমায় ভরা জোয়ারে আঘাত হানে রোয়ানু। সেই ঝড়ে লাখখানেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়, চট্টগ্রামে মৃত্যু হয় ২৪ জনের।

# ২০১৭ সালের ৩০ মে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা।

# ২০১৯ সালের ৩ মে ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর বাংলাদেশে প্রবেশ করে, কেড়ে নেয় অন্তত ৯ জনের প্রাণ। তবে ফসলের ক্ষতি ছিল অনেক বেশি।

# একই বছর ৯ নভেম্বর অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর প্রবেশ করে বাংলাদেশে। সেই ঝড়ে মৃত্যু হয় অন্তত আটজনের, ক্ষতি হয়েছে সুন্দরবনেরও৷

# ২০২০ সালের ২১ মে করোনাভাইরাস মহামারীর মধ্যে সুপার সাইক্লোন আম্পান শক্তি কিছুটা হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে রাতে এ ঝড় প্রবেশ করে বাংলাদেশে। এ সময় আট জেলায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়।

# ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ২০২১ সালের ২৬ মে ভারতের ওড়িশা উপকূল দিয়ে অতিক্রম করে।তখন বাংলাদেশ উপকূলে কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়। দেশের উপকূলীয় ৯টি জেলার ২৭টি উপজেলায় ক্ষতি হয়েছে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

# গেল বছর সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় ‘গুলাব’ ও ডিসেম্বরে ঘূর্ণিঝড় ‘জোয়াদ’ হলেও অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূলে এলেও বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলেনি।

# সবশেষ এ বছর ৯ মে ঘূর্ণিঝড় ‘আসানি’ অন্ধ্র উপকূলে দুর্বল হয়ে পড়ে। এসময় বাংলাদেশেও বেশ বৃষ্টি হয়।

সিত্রাং

আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।

এবারের ঘূর্ণিঝড়ের নাম এলে ‘সিত্রাং’; এটা থাইল্যান্ডের দেওয়া নাম।

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বৃহস্পতিবার লঘুচাপটি সৃষ্টি হয়। শুক্রবার তা সুস্পষ্ট লঘুচাপে ও শনিবার নিম্নচাপে এবং রোববার সকালে তা গভীর নিম্নচাপে রূপ নেয়। রোববার সন্ধ্যায় পরিণত হয় ঘূর্ণিঝড়ে।

ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ঘূর্ণিবায়ুর চক্রটি বাঁক নিয়ে উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং শক্তি বাড়িয়ে সোমবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

বর্তমান প্রবণতা বজায় থাকলে সেই প্রবল ঘূর্ণিঝড় মঙ্গলবার ভোরের দিকে বরিশাল বিভাগের তিনকোনা দ্বীপ ও চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপের কাছ দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে ভারতীয় আবহাওয়াবিদরা মনে করছেন।

পুরনো খবর:

পুরনো খবর:

গভীর নিম্নচাপে উপকূলে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত
দুর্যোগ প্রশমন: বিরূপ আবহাওয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ
বাংলাদেশে প্রাণঘাতী যত ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়ে কমলেও ক্ষতি বাড়ছে বজ্রপাত-বন্যায়
ঘূর্ণিঝড়ে কী করবেন
ঝড়ের প্রস্তুতি: আশ্রয় কেন্দ্র এবারও আগের ৩ গুণ
বুলবুলকে ‘রুখে দিল’ প্রকৃতির ঢাল সুন্দরবন
ঝড়-জলোচ্ছ্বাস ঠেকিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন
ঘূর্ণিঝড় ইয়াস: আবারও সুরক্ষা দেবে সুন্দরবন?

কোন সংকেতের কী মানে