২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিগর্ভ শ্রীলঙ্কা: অবশেষে গদি ছাড়তে ‘রাজি’ গোটাবায়া রাজাপাকসে

সঙ্কট জর্জরিত শ্রীলঙ্কা ফের হয়ে উঠল অগ্নিগর্ভ; হাজারো জনতার পদভারে প্রকম্পিত হল প্রেসিডেন্টের বাড়ি, তাদের ক্ষোভের আগুনে পুড়ল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন; অবশেষে টানা কয়েক মাসের গণবিক্ষোভের কাছে হার মানলেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 11:43 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শনিবার দিনভর উত্তেজনা, রাজধানী কলম্বোর পথে পথে বিক্ষোভ আর পুলিশের সাথে জনতার সংঘাতের পর রাতে ঘোষণা এল, ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন তিনি।

গোটাবায়া রাজাপাকসে বলেছেন, আগামী বুধবার তিনি পদত্যাগ করবেন। ‘দেশের স্বার্থে, সর্বদলীয় সরকার গঠনের পথ প্রশস্ত করতে’ পদত্যাগে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও।

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেইওয়ারদেনা বলেছেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিশ্চিত করতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

“তাই আমি দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আপনারা শান্তি বজায় রাখুন, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন।”

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের আগুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সুইমিংপুলে বিক্ষোভকারীদের সাঁতার

যে মুহূর্তে বিক্ষোভকারীরা ঢুকে পড়ল গোটাবায়ার প্রাসাদে

পদত্যাগ করতে ‘প্রস্তুত’ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, পালিয়েছেন প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের হানা

Image
গোটাবায়া রাজাপাকসে

গোটাবায়া রাজাপাকসে

বিবিসি লিখেছে, নজিরবিহীন এই গণ অসন্তোষ থামাতে জলকামানের পানি আর বন্দুকের গুলি- দুটোই ব্যবহার করেছে পুলিশ; কিন্তু বিক্ষোভকারীদের দমাতে পারেনি।

দুপুরেই চাউর হয়েছিল, পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। হাজারো জনতা যখন তার বাসভবনে ঢুকে পড়ল স্রোতের মত, ঠেকানোর কোনো উপায়ও ছিল না।

প্রেসিডেন্টের বাসভবনে তাণ্ডব চালানোর পর বিক্ষোভকারীরা ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে। রাজপথে স্লোগান ওঠে- ‘আমরা বলছি এখনই যাও’। এক পর্যায়ে জ্বলে ওঠে আগুন। বিক্রমাসিংহেও তখন বাড়িতে ছিলেন না।

তারা এখন কোথায় আছেন তা স্পষ্ট নয়। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তাদের দুজনকেই।

শ্রীলঙ্কা: দিনের পর দিন কাটছে পেট্রোল স্টেশনে

শ্রীলংকার অর্থনীতি ‘পুরোপুরি ধসে পড়েছে’: প্রধানমন্ত্রী

‘আমরা না খেয়ে মরব’: খাদ্য ঘাটতির হুঁশিয়ারি শ্রীলঙ্কায়

প্রথমবার ঋণ খেলাপির খাতায় নাম লেখাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার গ্যাস, জ্বালানির ঘাটতি ‘কমার পথে’

 

স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী নিজে মুখে বলেছেন তার দেশ ‘দেউলিয়া হয়ে গেছে’।

দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। হাতে বৈদেশিক মুদ্রা না থাকায় দেশটির সরকার অতি জরুরি এসব পণ্য আমদানি করতে পারছে না।

দেশের ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোটাবায়া এবং তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী বলে মনে করে শ্রীলঙ্কার বেশির ভাগ মানুষ। মহা প্রতাপশালী রাজাপাকসে পরিবারকে ক্ষমতা থেকে সরাতে তাই গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশে।

ব্যাপক বিক্ষোভ, সহিংসতা আর প্রাণহানির মধ্যে গত মে মাসে মাহিন্দা পদত্যাগ করেন। কিন্তু গোটাবায়া ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না। প্রধানমন্ত্রী পদে তিনি নিয়ে আসেন পুরনো মিত্র বিক্রমাসিংহেকে।

আইএমএফ এর সাথে ঋণ আলোচনা শুরু হওয়ায় এবং ভারত থেকে কিছু জ্বালানি পাওয়ায় সে সময় উত্তাপ কিছুটা কমলেও জ্বালানি তেলের মজুদ শূন্যে নেমে আসার পর ফের আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে। 

রাজাপাকসে পরিবার: নন্দিত বীরেরা যেভাবে ধিকৃত খলনায়ক

শ্রীলঙ্কায় কেন একটি জাদুঘরে হামলা চালাল বিক্ষোভকারীরা?  

ভাইয়ে-ভাইয়ে বিরোধ, শ্রীলঙ্কার ভবিষ্যতের চাবি তবুও রাজাপাকসেদের হাতেই

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

আন্দোলনকারীরা শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী কলম্বোয় গণবিক্ষোভের ডাক দেয়। সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশ শুক্রবার রাতে রাজধানীতে কারফিউ জারি করলেও জনতার স্রোত ঠেকানো যায়নি।

বিক্ষোভে অংশ নিতে দ্বীপদেশটির বিভিন্ন অংশ থেকে মানুষ গাড়ি, ভ্যান, বাসে করে রাজধানীতে ছুটে আসে। পরে বিরোধী দল ও মানবাধিকার গোষ্ঠীগুলোর চাপে শনিবার সকালে পুলিশ ওই কারফিউ তুলে নেয়।

বিবিসি জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছিল। কিন্তু বিক্ষোভকারীদের তাতে কান দেয়নি। জলকামান ও গুলি উপেক্ষা করে তারা দুপুরের দিকে কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটে ব্যারিকেড টপকে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।

 বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে ঘোরাঘুরি করছেন। কেউ কেউ বিলাসবহুল কক্ষে বসে আছেন। এ ছাড়া প্রাসাদের ভেতরে সুইমিং পুলে লাফালাফি আর জল ছোঁড়াছুঁড়ি করছেন।

বিক্ষোভকারীদের শান্ত করতে এবং নাগরিকদের নিরাপত্ত‍া নিশ্চিত করতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তার ‘পদ‌ত্যাগের ইচ্ছার’ কথা জানান। তিনি একটি সর্বদলীয় সরকার গঠনের পক্ষেও সায় দেন।

কিন্তু প্রধানমন্ত্রীর এই ইচ্ছা বিক্ষোভকারীদের থামাতে পারেনি। বরং প্রেসিডেন্টের বাসভবনে তাণ্ডব চালানোর পর রাতে তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়েন এবং আগুন ধরিয়ে দেয়।

অনলাইনে নানা ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ভবনের বিছানায় এবং বিভিন্ন আসবাবপত্রের উপর বসে ‘সেলফি’ তুলছে। ভবনের হলঘরে শ্রীলঙ্কার পতাকা উড়ছে।

রনিল বিক্রমাসিংহে: বাতিলের খাতা থেকে শ্রীলঙ্কার ত্রাতার ভূমিকায়

উত্তাল বিক্ষোভ আর রক্তপাতের পর কলম্বো এখন শান্ত

বিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা প্রসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবন এবং দপ্তরে ঢুকে তাণ্ডব চালানোর একটু আগেই তিনি পালিয়ে যান।

একটি ভিডিওতে শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজে তড়িঘড়ি করে বড় কয়েকটি স্যুটকেস তুলতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমে ওই স্যুটকেসগুলো প্রেসিডেন্ট রাজাপাকসের বলে দাবি করা হচ্ছে।   

শ্রীলঙ্কার একটি টেলিভিশন স্টেশন জানিয়েছে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনের সামনে তাদের ছয় সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে শ্রীলঙ্কা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

ন্যাশনাল হসপিটাল অব শ্রীলঙ্কার চিকিৎসক ডা. পুষ্পা জয়সার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দিনভর এই বিক্ষোভের সময় সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের দেহে গুলির ক্ষত রয়েছে।

আহতদের মধ্যে দেশটির পূর্বাঞ্চলের একজন আইনপ্রণেতা এবং দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে খবর এসেছে।

 

প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের একজন, ফিওনা সিরমানা বলেন, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর আরও আগেই বিদায় হওয়া উচিত ছিল, তাহলে হয়ত এই সহিংসতা এড়ানো যেত।

তার ভাষায়, “এই দুই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর হাত থেকে মুক্তি পাওয়ার, শ্রীলঙ্কায় একটি নতুন যুগের সূচনা করার এখনই সময়।”

তবে শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী ভবানী ফনসেকার আশঙ্কা, শুধু প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা হয়ত এই ক্ষোভের আগুন নেভাতে যথেষ্ট হবে না। 

“জনতার যা দাবি, কেবল দুই জনের ক্ষমতা ছাড়ার ঘোষণায় তা পূরণ হবে না। মানুষ এখন পুরো কাঠামোগত পরিবর্তন চায়। তবে দুজনের পদত্যাগের মধ্য দিয়ে সেই পরিবর্তনের সূচনাটা হয়ত হবে।”