ভাইয়ে-ভাইয়ে বিরোধ, শ্রীলঙ্কার ভবিষ্যতের চাবি তবুও রাজাপাকসেদের হাতেই
মে মাসের দ্বিতীয় সপ্তাহে ক্ষমতাসীনদের দলের সমর্থকরা যখন দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো বিক্ষোভকারীদের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিল, সহিংসতার ভয়ে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তখন সরকারপন্থিদের ওই মিছিল থামাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।
এটা ছিল সেই মুহূর্ত, যখন শ্রীলঙ্কার রাজনীতিতে প্রায় দুই দশক ধরে দাপট দেখানো দুই ভাইয়ের পথ দুই দিকে বেঁকে যাচ্ছে।
“ভিড় সরিয়ে দিতে তিনি পুলিশকে চিৎকার করে নির্দেশ দিয়েছিলেন,” বার্তা সংস্থা রয়টার্সকে বলেন সাবেক গণমাধ্যম মন্ত্রী নালাকা গোদাহেওয়া। তিনি সেসময় প্রেসিডেন্টের সঙ্গেই ছিলেন বলে জানান।
গোটাবায়ার নির্দেশের পরও সেদিন মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ বিভ্রাট আর নিত্যপণ্যের ঘাটতির বিরুদ্ধে হওয়া প্রতিবাদ কর্মসূচি প্রাণঘাতী হয়ে ওঠে। ৯ জন মারা যায়, আহত হয় কয়েকশ; রাজাপাকসে অনুগতদের বাড়িঘর, দোকানপাটে হামলা হয়।
ওই সহিংসতা শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের বাঁক বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গোটাবায়ার বড় ভাই, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সেদিনই সকালের দিকে সরকার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।
দুপুরের খাবারের সময় এক সহযোগী তাকে ওই সহিংসতার ভিডিও দেখান বলে কলম্বোতে প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া ঘটনাপ্রবাহ সম্বন্ধে জ্ঞাত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
“তিনি জানতেন, এরপর তাকে কী করতে হবে,” বলেছে সূত্রটি।
৭৬ বছর বয়সী এ রাজনীতিক, কিছুকাল আগেও যিনি ছিলেন শ্রীলঙ্কার জনপ্রিয়তার তুঙ্গে, দুপুরের খাবার খেয়ে খানিকটা ঘুমিয়েও নেন। বিকাল ৫টা ২ মিনিটে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন, শ্রীলঙ্কার ক্ষমতাসীন পরিবারে ফাটলের বিষয়টি সামনে নিয়ে আসেন।
দ্বীপদেশটিতে স্বাধীনতার পর দেখা দেওয়া সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের জন্য বিক্ষোভকারীরা দুই ভাইকে দায়ী করে তাদের দুজনেরই পদত্যাগ দাবি করার পর এপ্রিলের শুরু থেকেই গোটাবায়া মাহিন্দাকে পদত্যাগের জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন বলে জানায় ওই সূত্রটি।
“গোটাবায়া মাহিন্দাকে পদত্যাগ করতে বলেছিল,” বলেছে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র।
এ প্রসঙ্গে দুই ভাইয়ের মন্তব্য চাইলেও তাদের দিক থেকে সাড়া পায়নি রয়টার্স। নিজেদের বিরোধ নিয়ে জনসম্মুখে কিছু বলেনওনি তারা।
বিক্ষোভকারীদের রোষ এড়াতে পদত্যাগের পর কয়েকদিন একটি নৌঘাঁটিতে লুকিয়ে থাকতে হয়েছে মাহিন্দাকে, সেখানে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে সুরক্ষা দিয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কার অনেকের কাছে ব্যাপক অজনপ্রিয় থাকার পরও ৭২ বছর বয়সী গোটাবায়া এখনও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন, অবশ্য অনেক রাজনৈতিক নেতাই এখন তার ক্ষমতা সীমিত করতে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
রাজাপাকসের আলাপ এখানেই শেষ নয়।
মাহিন্দা আর গোটাবায়ার আরেক ভাই বাসিল এই সময়ে ক্ষমতাসীন দলের ওপর থাকা কর্তৃত্বকে কাজে লাগিয়ে দিন দিন আরও প্রভাবশালী হয়ে উঠছেন বলে গোদাহেওয়া এবং সাবেক দুই মন্ত্রীসহ অন্তত ৫টি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।
চাই সংস্কার
নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থনৈতিক সংকট মোকাবেলায় কয়েক সপ্তাহের মধ্যে যে অন্তর্বর্তী বাজেট দিতে যাচ্ছেন, তা পাসের জন্য তাকে ক্ষমতাসীন শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি) পার্টির সাংসদদের দিকেই তাকিয়ে থাকতে হবে।
বিক্ষোভকারীদের দাবিতে সাড়া দিয়ে বিক্রমাসিংহে প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে ও পার্লামেন্টের ক্ষমতা বাড়াতে শাসনকাঠামো সংস্কারেরও প্রস্তাব দিয়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলঙ্কার যে আলোচনা চলছে, সেখানেও আইএমএফ বেইলআউটের ব্যাপারে রাজি হতে শ্রীলঙ্কার ভেতর সংস্কারের সূচনা দেখতে চেয়েছে। এর পাশাপাশি শ্রীলঙ্কাকে ঋণ পুনর্গঠন ও বৈশ্বিক আর্থিক বাজারে ফের প্রবেশাধিকারে চুক্তিও করতে হবে।
বিক্রমাসিংহের পার্টির পার্লামেন্টে আসন মাত্র একটি, অন্যদিকে এসএলপিপি ও তার জোটসঙ্গীরা ২২৫ সদস্যের আইনপরিষদে এখনও সংখ্যাগরিষ্ঠ।
৫টি সূত্রের সবগুলো্ই জানাচ্ছে, ক্ষমতাসীন দল এখন পুরোপুরিই বাসিলের অনুগত, ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিস্ময়কর পরাজয়ের পর যিনি দলকে শক্তিশালী অবস্থানে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
সূত্রগুলোর মধ্যে বাসিলঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ৭১ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী তার বড় ভাইকে সমর্থন দিতেও পারেন, তবে পার্টিকে বিপদে ফেলার বিনিময়ে নয়।
শ্রীলঙ্কার ঘটনাগুলোর দিকে প্রতিবেশী ভারত এবং চীন কড়া নজর রাখছে। বেইজিং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হিসেবে গত দশকজুড়ে শ্রীলঙ্কার অবকাঠামোতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে।
বিক্রমাসিংহেকে বিবেচনায় নিতে হবে এ সবকিছুই। তাকে একদিকে যেমন বিক্ষোভকারীদের দাবি ও আন্তর্জাতিক ঋণদাতাদের চাহিদা মেটাতে হবে, তেমনি ক্ষমতাসীন দলকে শান্ত রাখার এজেন্ডাও হাতে নিতে হবে, যাতে বাসিলের সম্মতি থাকবে, বলছেন বিশ্লেষকরা।
“বাসিল রাজাপাকসে যা চাইবেন, পার্লামেন্টও তাই অনুমোদন করবে,” বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী জয়দেবা উইয়ানগোদা।
এপ্রিলের শুরুর দিকে মন্ত্রিসভার অন্যদের সঙ্গে পদত্যাগ করা বাসিল এখন পর্যন্ত জনসমক্ষে কিছুই বলেননি, তার মন্তব্য চেয়ে রয়টার্সও সফল হয়নি।
ভাইদের ঐক্য
৯ ভাইবোনের মধ্যে মাহিন্দা, গোটাবায়া আর বাসিলের মধ্যে কিছুদিন আগ পর্যন্তও ছিল দৃঢ় ঐক্য।
এদের মধ্যে মাহিন্দা ১৯৭০ এর দিকে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে কমবয়সী সাংসদ হিসেবে পার্লামেন্টে প্রবেশ করেন। রাজনৈতিক ক্যারিশমা আর চাতুরি দিয়ে ২০০৪ সালের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হয়ে যান। পরের বছর হন প্রেসিডেন্ট।
২০০৯ সালে সরকারি বাহিনী নির্মম আক্রমণের মাধ্যমে দেশের উত্তর ও পূর্বে কয়েক দশক ধরে রাজ করা তামিল বিদ্রোহীদের গুড়িয়ে দিলে মাহিন্দা ও প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গোটাবায়ার জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে।
পরের বছর মাহিন্দা বিপুল ভোটে পুনর্নির্বাচিত হন। প্রতিশ্রুতি দেন, দেশের ভেতরকার বিভাজন কমিয়ে আনবেন। তিনি শ্রীলঙ্কাকে চীনের বলয়ে নিয়ে যাওয়ার পথে হাঁটেন, হাম্বানটোটা বন্দরের জন্য নিয়ে আসেন ১০৪ কোটি ডলারের বিনিয়োগ, যা প্রতিবেশী ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে।
কিন্তু ২০১৫ সালের নির্বাচনে মাহিন্দার বিস্ময়কর পরাজয় রাজাপাকসে পরিবারকে বিপদে ফেলে দেয়। সেসময় হাল ধরেন বাসিল।
মাহিন্দা প্রেসিডেন্ট থাকাকালে দীর্ঘদিন তার উপদেষ্টার দায়িত্বে থাকা মার্কিন-শ্রীলঙ্কান দ্বৈত নাগরিক বাসিল ২০১৬ সালের মধ্যে ছোট একটি দলের খোলনলচে বদলে দিয়ে এসএলপিপিকে করে তুলেন শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়ে।
২০১৯ সালে ইসলামী জঙ্গিদের সমন্বিত বোমা হামলায় আড়াইশর বেশি মানুষ নিহত হলে রাজাপাকসেদের ফের ক্ষমতায় আসার পথ খুলে যায়।
মেয়াদের জটিলতায় মাহিন্দা লড়তে পারছেন না, বাসিলও তার মার্কিন নাগরিকত্ব ছেড়ে দিতে রাজি নন, সে কারণেই গোটাবায়াকে প্রেসিডেন্ট পদে দাঁড় করানো হয়। লঙ্কানরা তাকেই বিপুল ভোটে প্রেসিডেন্ট বানান।
মাহিন্দা প্রধানমন্ত্রী হন, ২০২১ সালে বাসিলকেও আনা হয় অর্থমন্ত্রী পদে।
কিন্তু এরপর থেকেই চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে।
বিরোধ, সংকট
২০১৯ সালকেই শ্রীলঙ্কার এখনকার অর্থনৈতিক সংকটের সূচনাকাল ধরা যায়। সেসময় রাজাপাকসে ভ্রাতৃদ্বয় ক্ষমতায় এসেই কর কমিয়ে দেন, যা অনেক উপদেষ্টারই সমালোচনার মুখে পড়ে।
সাবেক মন্ত্রী গোদাহেওয়াও তখন গোটাবায়াকে কর কমানোর পথ থেকে সরে আসার উপদেশ দিয়েছিলেন। এমনিতেই বাজে অবস্থায় থাকা লঙ্কান অর্থনীতি কর কমানোর পর তীব্র সংকটের দিকে ধাবিত হতে পারে এমন আশঙ্কাও ব্যক্ত করেছিলেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট তাতে গা করেননি।
তখন অনেকের যুক্তি ছিল, কর কমালে লোকজনের হাতে বেশি অর্থ থাকবে, যা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এরপরই হাজির হয় কোভিড-১৯ মহামারী। কমতে শুরু করে পর্যটক, যাদের ওপর শ্রীলঙ্কার অর্থনীতির অনেকটাই নির্ভরশীল। রেমিটেন্সেও লাগে ধাক্কা।
শ্রীলঙ্কাকে জৈব কৃষিতে ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া গোটাবায়া এক দশকের মধ্যে রাসায়নিক সারের ব্যবহার তুলে দেওয়ার চেষ্টায় গত বছরের মে মাসে হুট করে রাসায়নিক সারের ওপর বিধিনিষেধ দেন, যা দেশটির কৃষিখাতকে বড় ধরনের সমস্যার দিকে ঠেলে দেয়, ফসল কম হওয়ায় দেখা দেয় খাদ্য সংকট।
এর মধ্যে মাহিন্দা এবং গোটাবায়ার সম্পর্কও খারাপ হয়ে যায়, বলছে ৪টি সূত্র।
প্রেসিডেন্টের রাসায়নিক সারে দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মতপার্থক্য দেখা দেয়; প্রধানমন্ত্রী ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ নিলে গোটাবায়ার কর্মীরা তা আটকে দেন বলে প্রধানমন্ত্রীর বাসভবনের একটি সূত্র রয়টার্সকে জানায়।
দুই ভাইয়ের মধ্যে এ ধরনের বিরোধের কথা আগে কখনোই শোনা যায়নি।
ধারের অর্থে খরচ
শ্রীলঙ্কার ঋণ সংক্রান্ত জটিলতা যখন স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে, তখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএ) কাছ থেকে সাহায্য নিতে যাওয়ার ব্যাপারে রাজাপাকসেরা দ্বিধান্বিত ছিলেন।
এ বছরের শুরুর দিকে সরকারি এক কর্মকর্তা বলেছিলেন, সেসময় অর্থমন্ত্রী থাকা বাসিল আইএমএফের কাছে যাওয়ার আগে স্থানীয় অর্থনীতির ওপর মহামারীর প্রভাব ঝেড়ে ফেলতে চেয়েছিলেন।
গত বছরের অগাস্টে জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার অল্প কিছু সময় পর টার্নওভার বিবেচনায় শ্রীলঙ্কার সবচেয়ে বড় সরকারি সংস্থা সিলন পেট্রলিয়াম কর্পোরেশনের হিসাব দেখে চমকে গিয়েছিলেন উদয়া গামানপিলা। সেসময় তিনি ছিলেন রাজাপাকসেদের জোটসঙ্গী।
সিপিসি সেসময় ব্যাপক ছাড়ে ভোক্তাদের কাছে জ্বালানি বেচছে, অথচ সরবরাহকারীদের কাছে তার বকেয়া প্রায় ৪০০ কোটি ডলার, এই অর্থ শোধ করার মতো পর্যাপ্ত আয়ও প্রতিষ্ঠানটির নেই।
২০২০ সালের অক্টোবরে মন্ত্রিসভার এক বৈঠকে গামানপিলা তার সহকর্মীদের এ নিয়ে সতর্কও করেছিলেন। বলেছিলেন, দেশ বিদেশি মুদ্রার সংকটের দিকে এগুচ্ছে। সেজন্য জরুরি নয় এমন পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ এবং মুদ্রার কালোবাজারি এড়াতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
পাশাপাশি আইএমএফের সাহায্য চাইতেও রাজাপাকসেদের বলেছিলেন তিনি। তার সেসব পরামর্শ আমলে নেওয়া হয়নি।
“আমরা পরিস্থিতি সামলে নেবো,” মাহিন্দা এমনটাই বলেছিলেন বলে জানান গামানপিলা। গোটাবায়া মন্ত্রিসভার বৈঠকে সাধারণত তেমন কিছু বলতেন না।
কিন্তু গামানপিলার প্রধান প্রতিপক্ষ ছিলেন বাসিল।
দুজন নিয়মিতই বিবাদে জড়িয়েছেন; মন্ত্রিসভার অন্তত ৫টি বৈঠকে তাদের তর্কবিতর্ক শেষ পর্যন্ত চিৎকার চেচামেচিতে রূপ নিয়েছিল বলে জানান গামানপিলা।
অর্থনীতি বিষয়ক তাদের এই দ্বন্দ্বের বিষয়টি রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রও নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, বাসিল মনে করেছিলেন কী করছেন তা তিনি জনেন এবং সেজন্যই তিনি তার পদক্ষেপ নিয়ে আপত্তি চিৎকার করে থামিয়ে দিতেন।
“অন্য দেশগুলো খরচ করে সেটাই, যা তারা আয় করে। আমরা খরচ করেছি, যা আমরা ধার নিয়েছিলাম। এটাই পার্থক্য,” বলেন গামানপিলা।
