কুড়িগ্রামে এসএসসির প্রশ্নফাঁস: ছয়জনের এমপিও স্থগিত, বরখাস্ত ১
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের স্বাক্ষরে গত মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয় শিক্ষক- কর্মচারীর বেতন ও এমপিও স্থগিত এবং এক শিক্ষককে বরখান্তের আদেশ হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের স্বাক্ষরে গত মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার এ আদেশ পেয়েছেন বলে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানিয়েছেন।
তিনি জানান, এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাধীর নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় জন শিক্ষক-কর্মচারীর এমপিও (সরকারের দেওয়া অর্থ) এবং বেতন স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে খণ্ডকালীন এক শিক্ষককে বরখান্তের নির্দেশ দেওয়া হয়।
মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়জন শিক্ষক-কর্মচারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা পরিপন্থি অপরাধ করায় তাদের এমপিও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
এরা হলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ইংরেজির শিক্ষক মো. আমিনুর রহমান, কৃষির শিক্ষক মো. হামিদুর রহমান, বাংলার শিক্ষক মো. সোহেল আল মামুন, অফিস সহকারী মো. আবু হানিফ এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সুজন।
অফিস আদেশে এসব শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এই বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের খণ্ডকালীন শিক্ষক জুবাইর হোসাইনকে বরখান্ত করতে নির্দেশ দেওয়া হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে।
ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, আলোচিত প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা বিভাগ দুদফা তদন্ত করেছে। সেই তদন্ত রিপোর্টের আলোকে অভিযোগের মুখে থাকা শিক্ষক-কর্মচারীদের সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
শোকজের জবাব পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ আদেশ দেন, বলেন সাজ্জাদ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর বিষয়টি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে ২০ সেপ্টেম্বর প্রশাসনের কর্মকর্তারা এসএসসির চারটি বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করেন।
এ ঘটনায় চারজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে ভূরঙ্গমারী থানায় মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।
এরপর গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত এবং উচ্চতর গণিত ও জীব বিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড। পরে নতুন প্রশ্নপত্র এবং নতুন রুটিনে পরীক্ষা নেয় দিনাজপুর বোর্ড।
আরও পড়ুন:
এসএসসির প্রশ্ন ফাঁস: কুড়িগ্রামে ৬ আসামির জামিন নামঞ্জুর
