০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের মামলায় আরও ২ জন রিমান্ডে

প্রশ্ন ফাঁসের মামলায় এ পর্যন্ত পাঁচ শিক্ষক ও একজন অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 02:13 PM

Updated : 02 Oct 2022, 02:13 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি এসএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন আলী রোববার পুলিশের করা রিমান্ড এবং আসামিদের জামিন আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

একই মামলার প্রধান আসামি ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ভূরুঙ্গামারী থানার ওসি আজাহার আলী জানান, সকালে ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়ের হোসেন ও আমিনুর রহমান রাসেলকে আদালতে তুলে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, এ মামলার মূল আসামি লুৎফর রহমান তিন দিনের রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

প্রশ্ন ফাঁসের মামলায় এ পর্যন্ত পাঁচ শিক্ষক ও একজন অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- প্রশ্ন ফাঁসের হোতা প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক জোবায়ের হোসেন, কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুর রহমান, বাংলার শিক্ষক সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। এদের সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চারজনের জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।

পুরানো খবর:

কুড়িগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁস: প্রধান শিক্ষক রিমান্ডে
এসএসএসি: দিনাজপুর বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত শুরু
কুড়িগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার আরও ৩