কুড়িগ্রামের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার (বাম থেকে) ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, শিক্ষক জুবায়ের হোসাইন ও শিক্ষক আমিনুর রহমান রাসেল।
Published : 22 Sep 2022, 11:49 AM
চলমান এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন তদন্ত কমিটির সদস্যরা।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম জানান, বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ফরাজউদ্দিনকে প্রধান করে বুধবার রাতে তিন সদস্যের এই কমিটি করা হয় । কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে কাজও শুরু করেছেন।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ এবং রংপুর বিভাগের মাধ্যমিক শিক্ষার উপ পরিচালক মো. আখতারুজ্জামান।
তদন্ত শেষে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসএসসির চারটি বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করেন।
এরপর রাতে গ্রেপ্তার করা হয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে।
চারজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলাও হয় ভুরঙ্গমারী থানায়।
এ পরিস্থিতিতে দিনাজপুর শিক্ষা বোর্ডর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রয়ায়ন পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে বুধবার।
শিক্ষা সচিব আবু বকর বুধবার সাংবাদিকদের বলেছেন, ভুরুঙ্গামারীর ঘটনায় যারাই জড়িত থাক, কাউকে ছাড় দেওয়া হবে না।